গাজীপুরে ইটিপি স্থাপন ও জলাবদ্ধতা নিরসনের দাবি
গাজীপুরের শিল্প-কারখানাগুলোতে বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন ও এর যথাযথ ব্যবহার এবং সদর উপজেলার ভোগড়া-মোগরখাল এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে গাজীপুর জেলা পরিবেশ আন্দোলন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে গাজীপুর চৌরাস্তাসংলগ্ন ভোগড়া বাইপাস মোড়ে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে গাজীপুর দেশের সবচেয়ে বেশি পরিবেশদূষণের শিকার হচ্ছে। এ অঞ্চলে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা হাজার হাজার শিল্প-কারখানা নির্বিচারে জলাশয় ও কৃষিভূমিতে তাদের অপরিশোধিত বিষাক্ত বর্জ্য ফেলছে। ইতিমধ্যে এই দূষণের কবলে পড়ে বিষাক্ত হয়ে উঠেছে এখানকার পরিবেশ ও প্রতিবেশ। কৃষিজ উৎপাদন রীতিমতো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে দূষণ আক্রান্ত এলাকাগুলোতে। ধ্বংস হয়ে গেছে গাজীপুরের সিংহভাগ নদী-নালা, খাল-বিলসহ উন্মুক্ত জলাশয়ের বিশাল মৎস্যভান্ডার। গাজীপুর জেলা পরিবেশ আন্দোলনের সভাপতি অধ্যাপক মো. আনোয়ার সাদতের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মো. তাজুল ইসলাম, এ জেড এম আকাশ, মো. মোখলেছুর রহমান চৌধুরী প্রমুখ। সমাবেশে পরিবেশকর্মীরা বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য শিল্পায়নের গুরুত্ব যথেষ্ট পরিমাণে থাকলেও নির্দয়ভাবে প্রকৃতি ধ্বংস করা হবে আত্মঘাতী। প্রাকৃতিক জলাশয় ভরাট, অপরিকল্পিতভাবে বসতবাড়ি-শিল্পকারখানা নির্মাণ, পয়োনিষ্কাশন ব্যবস্থা না করার ফলে গাজীপুর সদরের ভোগড়া, আধেপাশা, শরিফপুর, মোগরখাল ও আশপাশের এলাকাগুলো বছরে ১২ মাসের মধ্যে ১০ মাসই জলাবদ্ধতার শিকার হচ্ছে। এ কারণে স্থানীয় বাসিন্দাদের জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।