গাজীপুরে ইভিএমের ছয় কেন্দ্রে জয় পেয়েছে নৌকা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ছয়টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়েছে। ছয়টি কেন্দ্রেই নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম জয়ী হয়েছেন।
কেন্দ্রগুলো হলো চাপুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মফিজ উদ্দিন খান উচ্চবিদ্যালয়, মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১, মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-২, রানী বিলাসমণি সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র-১ এবং রানী বিলাসমণি সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র-২।
নির্বাচন কর্মকর্তারা বলেন, চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (মোট ভোট ২৪৮০) নৌকা পেয়েছে ১ হাজার ৩২ ভোট এবং ধানের শীষ প্রতীক পেয়েছে ৩৯৯ ভোট। মফিজ উদ্দিন খান উচ্চবিদ্যালয় কেন্দ্রে (মোট ভোট ২৫৫২) নৌকা পেয়েছে ৯৮৫ ভোট, ধানের শীষ প্রতীক পেয়েছে ৩৬৩ ভোট। রানী বিলাসমণি সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র-১-এ (মোট ভোট ১৯২৭) নৌকা পেয়েছে ৬১২ ভোট, ধানের শীষ প্রতীক পেয়েছে ২১৫ ভোট এবং রানী বিলাসমণি সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র-২-এ (মোট ভোট ২০৭৭) নৌকা পেয়েছে ৬৫৫ ভোট, ধানের শীষ প্রতীক পেয়েছে ২৯৬ ভোট এবং মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১ (মোট ভোট ২৫৬২) ও মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-২-এ (মোট ভোট ২৮২৭) নৌকা পেয়েছে ১ হাজার ৫২৬ ভোট এবং ধানের শীষ প্রতীক পেয়েছে ১ হাজার ২৪ ভোট।
ছয়টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৪২৫। এতে নৌকা পেয়েছে ৪ হাজার ৮১০ এবং ধানের শীষ পেয়েছে ২ হাজার ২৯৭ ভোট।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল প্রথম আলোকে বলেন, গাজীপুরে ছয়টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হয়েছে। সেসব ফলও দ্রুত এসে গেছে।