গাজীপুরে ইমামতি নিয়ে দুই পক্ষের হাতাহাতি, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের রাজবাড়ি মাঠে আজ শুক্রবার ঈদের জামাতে ইমামতিকে কেন্দ্র করে মুসল্লিদের দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

সকাল আটটার দিকে রাজবাড়ি মাঠে গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা ঈদের জামাতের জন্য দাঁড়ান। প্রশাসনের নির্ধারিত ইমাম ইসলামিক ফাউন্ডেশনের মাওলানা মিজানুর রহমানের এতে ইমামতি করার কথা। তবে নামাজ শুরু হওয়ার আগে তাঁর পেছনে নামাজ আদায়ে আপত্তি জানান বিএনপি ও জামায়াতের সমর্থক বেশ কয়েকজন মুসল্লি। তাঁরা জয়দবেপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মনিরুল ইসলামের পেছনে নামাজ আদায়ের দাবি জানান।

এ নিয়ে আওয়ামী-সমর্থক মুসল্লিদের সঙ্গে বিএনপি-জামায়াত-সমর্থক মুসল্লিরা বিরোধে জড়িয়ে পড়েন। বাগবিতণ্ডার একপর্যায়ে একপক্ষ আরেকপক্ষের ওপর জুতা নিক্ষেপ করে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

জয়দেবপুর থানার ভরাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।