গাজীপুরে ইয়াবা ব্যবসায়ী ও বখাটের ছয় মাস কারাদণ্ড
গাজীপুর সদর উপজেলায় গতকাল রোববার ইয়াবা বড়িসহ নূর আলম (২৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিন জেলার কালিয়াকৈর উপজেলায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে নাসির খান (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এই দুজনকেই ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গতকাল সকালে ইয়াবা ব্যবসায়ী নূর আলমকে গ্রেপ্তার করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব-১-এর সদস্যরা। ওই সময় নূর আলম সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কুনিয়া বড়বাড়ী এলাকায় রাস্তার পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পরে তাঁর শরীর তল্লাশি করে ৩০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। সন্ধ্যায় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন ফারজানা নূর আলমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন। গ্রেপ্তার হওয়া নূর বড়বাড়ী এলাকার ইসহাক আলীর ছেলে।অপরদিকে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, উপজেলার ফুলবাড়িয়া হাফিজ উদ্দিন কলেজের এক ছাত্রীকে কয়েক দিন ধরে উত্ত্যক্ত করছিলেন উপজেলার কালামপুর এলাকার নাসির। গত শনিবার সকালে এলাকাবাসী তাঁকে আটকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল কবীর নাসিরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন। নাসির জামালপুরের বকুলতলা গ্রামের হাদিস খানের ছেলে। তিনি কালামপুরে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকেন।