গাজীপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ৫
গাজীপুরে পৃথক অভিযানে গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে এক হাজার ৪২৭টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় গাজীপুরের টঙ্গী ও কালীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সকালে গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব-১-এর সদস্যরা সদর উপজেলার গাজীপুরা এলাকায় অভিযান চালান। এ সময় স্থানীয় ওয়াজ উদ্দিনের পাঁচতলা বাড়ির তৃতীয় তলার ভাড়াটে দুই সহোদর বেলাল উদ্দিন ও রহিম উদ্দিনকে ২২৭টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এর আগে গত বুধবার রাতে গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব-১-এর সদস্যরা গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাতার্তি এলাকায় অভিযান চালান। অভিযানে ওই এলাকার মসলিন কটন মিলস কোয়ার্টার থেকে ৭৫০টি ইয়াবাসহ মো. সাঈদ ও মো. জসিমকে গ্রেপ্তার করা হয়। গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকা থেকে গতকাল সকালে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ ৪৫০টি ইয়াবাসহ আন্নি এলাইচ নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।