গাজীপুরে ঈদের পর ভোটের ভাবনা ইসির

>
- ২৮ জুনের মধ্যে নির্বাচন করতে বলেছেন আপিল বিভাগ।
- প্রধান দুই মেয়র প্রার্থী ঈদের পর নির্বাচন চান।
- আজ ইসি ভোটের তারিখের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
- ইসি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করবে না।
গাজীপুর সিটি করপোরেশনের ঝুলে যাওয়া নির্বাচন ঈদুল ফিতরের পর করার চিন্তা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কবে ভোট হবে, তা আজ রোববার জানা যেতে পারে। আজ বিকেলে ইসির সভায় ভোটের তারিখ চূড়ান্ত করার কথা রয়েছে।
এই নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরাও চান, ঈদের পর ২৫ থেকে ২৭ জুন-এই সময়ের মধ্যে ভোট নেওয়া হোক। কারণ গাজীপুরে ভোটারদের একটি বড় অংশ বিভিন্ন এলাকা থেকে আসা পোশাকশ্রমিক। ঈদের পরপর ভোট হলে তাঁরা ভোট দিতে পারবেন না বলে মনে করছেন প্রার্থীরা।
ইসির তফসিল অনুসারে গাজীপুর সিটি করপোরেশনে ১৫ মে ভোট হওয়ার কথা ছিল। সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন ও নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের পরিপ্রেক্ষিতে ৬ মে নির্বাচনের তফসিলের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী এবং নির্বাচন কমিশন পৃথক তিনটি আবেদন করে। শুনানি শেষে গত বৃহস্পতিবার আপিল বিভাগ এই নির্বাচন নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে ২৮ জুনের মধ্যে এই নির্বাচন করতে বলেন।
পরিবর্তিত পরিস্থিতিতে আজ ইসি ভোটের তারিখের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ইসি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করবে না। প্রচারের জন্য সময় দিয়ে শুধু ভোটের তারিখ নির্ধারণ করা হবে।
ইসি সূত্র জানায়, সাধারণত রোজার মাসে ভোট নেওয়া হয় না। সে হিসাবে ঈদের পরই ভোটের দিন ঠিক করার চিন্তাভাবনা করা হচ্ছে। তবে তারিখ নির্ধারণের আগে সামনে আসবে প্রচারের জন্য প্রার্থীদের কত দিন সময় দেওয়া হবে। ঘোষিত তফসিলে প্রচারের জন্য ২১ দিন সময় ছিল। ভোটের ৯ দিন আগে নির্বাচন স্থগিত করা হয়। এখন আবার ভোটের আগে প্রচারের জন্য সময় দিতে হবে। ঈদ হতে পারে ১৬ জুন। আদালতের নির্দেশনা অনুযায়ী ২৮ জুনের মধ্যে নির্বাচন করতে ঈদের ছুটির পর ইসির হাতে থাকবে ১১ দিন। এ বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। আর যদি কোনো কারণে ঈদের আগে ভোট করা হয়, তাহলে ১৫ রমজানের মধ্যে তা করা হতে পারে। তবে ঈদের পরই ভোট নেওয়া বেশি ভালো হবে বলে মনে করছেন ইসির সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ইসি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা না করায় প্রার্থীরা প্রকাশ্য প্রচার বন্ধ রেখেছেন। গতকাল শনিবার প্রার্থীরা তাঁদের ব্যক্তিগত কাজে সময় কাটিয়েছেন। কারও কোনো নির্বাচনী কর্মসূচির খবর পাওয়া যায়নি। ভোটের তারিখ জানতে প্রার্থীদের পাশাপাশি দলীয় নেতা-কর্মী ও ভোটাররাও তাকিয়ে আছেন ইসির দিকে।
বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার গতকাল সাংবাদিকদের বলেন, শিল্প এলাকা গাজীপুরে বহু শ্রমিক এবং ভাসমান ভোটারের বসবাস। ঈদের ছুটিতে তাঁরা গ্রামের বাড়িতে যান এবং তাঁদের ফিরতে কয়েক দিন লেগে যায়। এসব ভোটার যেন নির্বাচনী উৎসবে অংশ নিতে পারেন, সে জন্য ২৬ কিংবা ২৭ জুন ভোট হলে ভালো হয়।
ভোট স্থগিত ঘোষণার দিনের ঘটনাকে ঘিরে বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা হওয়ার ঘটনায় উদ্বিগ্ন হাসান উদ্দিন সরকার। তিনি বলেন, তাঁদের আড়াই শ নেতা-কর্মীকে মামলার আসামি করা হয়েছে। নির্বাচনী কাজে গুরুত্বপূর্ণ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ১২ জনকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তিনি ওই মামলা প্রত্যাহার করার দাবি জানিয়ে বলেন, তা না হলে তিনি আইনের আশ্রয় নেবেন।
বিএনপির প্রার্থীর মতো ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলমও ঈদের পর ভোট চান। তিনি চান ২৫ বা ২৬ জুন ভোট নেওয়া হোক। এ বিষয়ে গতকাল জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, আলোচনা করে নির্বাচন কমিশন যেন যুক্তিসংগতভাবে ভোটের দিন নির্ধারণ করে। এখন বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। নির্বাচন পেছানোয় প্রার্থীদের অর্থনৈতিক, শারীরিক ও মানসিকভাবে দ্বিগুণ শ্রম দিতে হবে। ভোটের ৯ দিন বাকি ছিল, এখন ১ মাস ১০ দিন সময় বেড়ে গেছে। যা প্রার্থীদের জন্য অনেক ব্যয়বহুল ও কষ্টসাধ্য হয়ে গেছে।
আওয়ামী লীগের প্রার্থী বলেন, ২৫ বা ২৬ জুন ভোট নেওয়া হলে ঈদে গ্রামের বাড়িতে যাওয়া লোকজন ফিরে এসে ভোট দেওয়ার সুযোগ পাবেন। নির্বাচন কমিশনকে বিষয়টি বিবেচনা করার অনুরোধ করেন তিনি।