গাজীপুরে উৎসবমুখর 'ইজোনেন্স' প্রতিযোগিতা
গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘ইজোনেন্স-২০১৫’। প্রযুক্তি-বিষয়ক বহুমাত্রিক এই প্রতিযোগিতায় দেশের ৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০টি দল অংশ নেয়।
বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের উদ্যোগে এ বছর দ্বিতীয়বারের মতো উৎসবটি অনুষ্ঠিত হলো। গত শুক্রবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি-বিষয়ক এ ধরনের উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান চর্চা ও উৎকর্ষ বৃদ্ধি পাবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ আশরাফুল হক, তড়িৎ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান মো. শহীদুল্লাহ প্রমুখ। উপস্থিত ছিলেন ইসলামি সম্মেলন সংস্থাভুক্ত (ওআইসি) নয়টি দেশের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিরা।
ইজোনেন্স ২০১৫-এর মূল লক্ষ্য দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটি প্রতিযোগিতামূলক এবং উৎসবমুখর পরিবেশে একত্র করে তাঁদের ভাব আদান-প্রদানের সুযোগ করে দেওয়া। আয়োজনটি মূলত প্রতিযোগিতামূলক বিভিন্ন অংশে বিভক্ত ছিল। প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল রোবটিকস চ্যালেঞ্জ ‘রোবোম্যানিয়া ২.০’।
এ ছাড়া সফটওয়্যারভিত্তিক ‘আইডিয়া ব্লোয়িং’ নামক প্রকল্পের পাশাপাশি বিভিন্ন হার্ডওয়্যারভিত্তিক প্রকল্প নিয়ে হাজির হন অংশগ্রহণকারীরা। ছিল ব্রেইন টিজার কুইজ, ইনভেস্টরস পিচ চ্যালেঞ্জ, সিগন্যাল প্রসেসিং চ্যালেঞ্জ, পোস্টার প্রদর্শন ও রুবিকস কিউব সমাধানের মতো আকর্ষণীয় প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ইজোনেন্স-২০১৫ আয়োজনের টাইটেল স্পনসর ছিল বিবিএস কেব্লস। ব্রডকাস্ট পার্টনার সময় টিভি, রেডিও পার্টনার রেডিও ফুর্তি এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিল দ্য ডেইলি স্টার-এর শাউট। পুরো আয়োজনের সহযোগী ছিল কিশোর ম্যাগাজিন কিশোর আলো।