গাজীপুরে এএসপির বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ
গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় একটি কারখানার কর্মকর্তাকে পিটিয়ে হাঁটু ভেঙে দেওয়ার ঘটনায় সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করা হয়েছে। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি এই সুপারিশ করে গতকাল বৃহস্পতিবার প্রতিবেদন জমা দিয়েছে। আহত কর্মকর্তার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুরের নয়নপুর এলাকায় ডিবিএল গ্রুপের ডিবিএল সিরামিকস লিমিটেডের কারখানার কাজ চলছিল। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কারখানা প্রাঙ্গণে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলার সময় শ্রীপুর সার্কেলের এএসপি মিজানুর রহমান কয়েকজন পুলিশ ও এলাকার লোকজনকে নিয়ে টিনের তৈরি সীমানা দেয়াল ভেঙে ফেলেন। খবর পেয়ে কারখানার তত্ত্বাবধায়ক উত্তম রায়, গুদামরক্ষক নূরুল ইসলাম ও শ্রমিক ঠিকাদার সুজন মিয়া বিষয়টি জানতে যান। এ সময়ে এএসপি মিজানুর পুলিশ সদস্যদের দিয়ে তাঁদের তিনজনকে আটক করে এবং চোখ বেঁধে রড দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। পরে তাঁদের গুরুতর আহত অবস্থায় শ্রীপুর থানাহাজতে নিয়ে রাখরা হয়। পরদিন সকালে সিরামিকস কারখানা কর্তৃপক্ষ ঘটনাটি গাজীপুর পুলিশ সুপার মো. আবদুল বাতেনকে জানান। পুলিশ সুপারের নির্দেশে ওই তিনজনকে ছেড়ে দেওয়া হয়। পরে তাঁদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে উত্তম রায়ের ডান হাঁটু ভেঙে যাওয়ায় তাঁকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। ডিবিএল সিরামিকসের প্রশাসনিক কর্মকর্তা বোরহান উদ্দিন বলেন, ‘খবর পেয়ে শনিবার দিবাগত রাত তিনটার দিকে শ্রীপুর থানায় যাই। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সহায়তায় আহত তিনজনের সঙ্গে দেখা করি। তখন তাঁরা জানান, এএসপি মিজানুর রহমানকে ১৫ লাখ টাকা না দিলে তাঁদের ছাড়া হবে না। ওই ঘটনার প্রতিকার চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও গাজীপুরের পুলিশ সুপারের কাছে অভিযোগ করা হয়েছে।’ কারখানা কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে গাজীপুরের পুলিশ সুপার মো. আবদুল বাতেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব কুমার রায়কে ঘটনা তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে গতকাল প্রতিবেদন জমা দেন সঞ্জীব কুমার। অভিযোগের ব্যাপারে এএসপি মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি জমিজমা নিয়ে বিরোধ। আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে ওই দিন রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তিনজনকে ধরে আনা হয়। আবার কর্মকর্তাদের নির্দেশেই ছেড়ে দেওয়া হয়। তিনজনের কাছে কোনো টাকা দাবি করা হয়নি।’ পুলিশ সুপার আবদুল বাতেন বলেন, ‘তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে এএসপির বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করেছে। প্রতিবেদন আইজিপির কাছে পাঠানো হয়েছে।’