গাজীপুরে এএসপির স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়া শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আমিনুল ইসলামের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর শহরের রথখোলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
গৃহবধূর নাম সুফিয়া ইসলাম (৩৮)। তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরসোলমারি গ্রামের আবদুর রহমানের মেয়ে।
পরিবার ও পুলিশ জানায়, এএসপি আমিনুল প্রথমে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-১-এ যোগ দেন। প্রায় দুই বছর ধরে তিনি স্ত্রী সুফিয়া ও একমাত্র ছেলে সিয়ামকে (১২) নিয়ে গাজীপুর শহরের রথখোলা এলাকার চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকছেন। প্রায় তিন মাস আগে আমিনুল আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশে বদলি হন। কিন্তু ছেলের পড়াশোনার কারণে বাসা পরিবর্তন করতে না পারায় তিনি গাজীপুর থেকেই যাতায়াত করতেন।
পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন পর আমিনুল গত সোমবার রাতে বাসায় আসেন। গতকাল সকাল সাতটার দিকে বাসা থেকে বের হয়ে আশুলিয়ায় কাজে যান। বাসায় ছিলেন তাঁর স্ত্রী ও সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছেলে সিয়াম। সকাল আটটার দিকে সিয়াম তার কক্ষ থেকে বের হয়ে বসার কক্ষে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। চিৎকার শুনে বাড়ির দারোয়ান ও প্রতিবেশীরা এসে তাঁকে দ্রুত নামিয়ে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সুফিয়াকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।