গাজীপুরে এএসপির স্ত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আশুলিয়া শিল্প পুলিশের দায়িত্বরত সহকারী পুলিশ সুপার (এএসপি) আমিনুল ইসলামের স্ত্রী সুফিয়া ইসলামের (৩৮) লাশ উদ্ধার করা হয়েছে। গাজীপুর শহরের রথখোলা এলাকার একটি ভাড়া বাসা থেকে আজ মঙ্গলবার সকালে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরসোলমারী গ্রামের আবদুর রহমানের মেয়ে সুফিয়া ইসলাম।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে আমিনুল ইসলাম স্ত্রী সুফিয়া ইসলাম ও একমাত্র ছেলে সিয়ামকে নিয়ে গাজীপুর শহরের রথখোলা এলাকার চারতলা ভবনের দোতলায় একটি ভাড়া করা ফ্ল্যাটে ওঠেন। গত তিন মাস আগে আমিনুল ইসলামের বদলি হয় সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে। ছেলের লেখাপড়ার কারণে বাসা পরিবর্তন করতে না পারায় তিনি গাজীপুর থেকেই যাতায়াত করতেন। গত সোমবার রাতে তিনি বাসায় আসেন এবং আজ সকাল সাতটার দিকে বাসা থেকে বের হয়ে আশুলিয়ায় কর্মস্থলে যান। কিছুক্ষণ পর ছেলে সিয়াম পাশের রুমে সিলিং ফ্যানের সঙ্গে মায়ের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বাবাকে খবর দেয়। এ সময় সিয়ামের চিত্কার শুনে বাড়ির দারোয়ান ও প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরা লাশ নামিয়ে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ প্রসঙ্গে এএসপি আমিনুল ইসলাম জানান, সকালে তিনি সুন্দরমতো কথা বলে বাসা থেকে বের হন। আত্মহত্যা করার মতো কোনো ঘটনাও ঘটেনি। কোনো কলহও হয়নি। তবে সুফিয়ার মানসিক কিছু সমস্যা ছিল বলে দাবি করেন তিনি।

সুফিয়ার মা মনোয়ারা বেগম বলেন, ‘ওদের সংসারে পারিবারিক কোনো সমস্যা ছিল না। কখনো এমন কিছু সে আমাকে বলেওনি। তার পরও কেন আত্মহত্যা করল, তা বুঝতে পারছি না।’

এ ব্যাপারে এএসপি আমিনুল ইসলাম বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।