গাজীপুরে এক দিনে সাত খুন, লাশ উদ্ধার আরও দুটি
গাজীপুর সদরসহ চার উপজেলায় গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় খুন হয়েছেন সাতজন। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে খুন হন বাবা ও দুই ছেলে। শ্রীপুরে এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যা এবং নেশার টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন স্বামী। এ ছাড়া গাজীপুর সদরে এক পোশাকশ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে, খুন হয়েছেন আরও এক নারী। শ্রীপুর ও কালিয়াকৈর থেকে উদ্ধার করা হয়েছে দুই নারীর লাশ।
এক দিনে এতগুলো খুন ও লাশ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
গাজীপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এম এ বারী প্রথম আলোকে বলেন, এক দিনে এতগুলো খুন ও লাশ উদ্ধারের ঘটনা খুবই উদ্বেগজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল আরও জোরদার করার দাবি জানান তিনি।
ভাওয়াল মির্জাপুর কলেজের সমাজবিজ্ঞানের শিক্ষক মীর শওকত আলম প্রথম আলোকে বলেন, গাজীপুর শিল্প-কারখানাসমৃদ্ধ এলাকা হওয়ায় দেশের সব জেলার লোকজন এখানে থাকে। এ ছাড়া জমিজমার মূল্যও অনেক বৃদ্ধি পেয়েছে। যার কারণে তুচ্ছ ঘটনা নিয়ে খুনের ঘটনা ঘটছে।
কালীগঞ্জে বাবা ও দুই ছেলে খুন: এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ধনপুর এলাকার মমতাজ উদ্দিন ও তাঁর পরিবারের লোকজন গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে জমিতে বেড়া দিতে যান। এ সময়ে প্রতিবেশী আলাউদ্দিন, আনোয়ার হোসেন, বেলায়েতসহ তাঁদের লোকজন বাধা দেন। একপর্যায়ে অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে মমতাজ উদ্দিন (৭০), তাঁর ছেলে নুরুল ইসলাম (৪৫), সাইজুল ইসলাম (৩৮) ও সাইফুল ইসলাম (৩২), পুত্রবধূ কোহিনুর বেগম (৩৫) এবং প্রতিবেশী সালেমা বেগম (৫৪) গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মমতাজ উদ্দিন এবং তাঁর ছেলে সাইজুল ইসলাম ও সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ তিনটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
শ্রীপুরে দুই খুন, এক লাশ: উপজেলার বরমী এলাকার রফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান সায়েম (১১) বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয়। রাতে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। গতকাল দুপুর ১২টার দিকে বরমী বাজার বাসস্ট্যান্ডের পাশে তাঁর লাশ পাওয়া যায়। পুলিশ জানায়, দুর্বৃত্তরা গলা কেটে তাকে হত্যা করেছে। সায়েম বরমী বাজারের আল মদীনা কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।
নিহতের বাবা রফিকুল ইসলাম জানান, বাড়ির আশপাশের কয়েকজনের সঙ্গে তাঁর পারিবারিক বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁর ছেলেকে হত্যা করতে পারে। তিনি থানায় একটি হত্যা মামলা করেছেন। অপর দিকে শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের কদমা গ্রামের গৃহবধূ মাকসুদা আক্তারকে (২০) বুধবার রাতে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে খোরশেদ আলম স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, নেশা করার জন্য স্ত্রীর কাছে টাকা চেয়েছিলেন। স্ত্রী টাকা দেননি। এ কারণে ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন।
এ ছাড়া উপজেলার পাঁচুলটিয়া এলাকার বন থেকে গতকাল সকালে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। কয়েক দিন আগে দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর লাশটি বনের ভেতর ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ। লাশের গলায় কাপড় প্যাঁচানো ছিল। শ্রীপুর থানার ওসি আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সদরে পোশাকশ্রমিককে পিটিয়ে হত্যা ও গৃহবধূ খুন: জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, গতকাল সকালে সদর উপজেলার দেশীপাড়া এলাকার বাসিন্দা ইয়ার উদ্দীনের স্ত্রী আলেমুন্নেছার (৬০) লাশ তাঁর বাড়ির পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাম চোখের পাশে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পুলিশ ইয়ার উদ্দীনের দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে রানা (২৬) ও সজীবকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
এ ছাড়া সদর উপজেলার শালা টেক কাথুরা এলাকায় বুধবার রাতে নাজমুল হাসান নামের এক পোশাকশ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ গতকাল সকালে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এসআই গোলাম মোস্তফা জানান, পরকীয়ার অভিযোগে এলাকার লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কালিয়াকৈরে নারীর লাশ উদ্ধার: কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, গতকাল দুপুরে উপজেলার ডাইনকিনী এলাকার একটি কাঁঠালগাছে ঝুলন্ত অবস্থায় খালেদা আক্তার (২৮) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত খালেদা কুড়িগ্রামের উলিপুর উপজেলার কুড়ারপাড়া এলাকার মুকুল মিয়ার স্ত্রী। তাঁরা কালিয়াকৈরের ডাইনকিনী এলাকার আবদুর রহমানের কলোনিতে ভাড়া থাকতেন। খালেদা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, গাজীপুরে এক দিনে এতগুলো হত্যাকাণ্ড এর আগে ঘটেনি। তবে প্রতিটি হত্যাকাণ্ডই বিচ্ছিন্নভাবে হয়েছে। সংশ্লিষ্ট থানার পুলিশকে প্রতিটি ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ৩ এপ্রিল কালিয়াকৈরের মৌচাক এলাকায় মাদকের টাকা না পেয়ে সাহিদা বেগম নামের এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। ৬ এপ্রিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকায় দিনদুপুরে অ্যাম্বুলেন্স থেকে শেখ মুনিম ফয়েজ নামের এক যুবকের লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। ৭ এপ্রিল সদর উপজেলার মেম্বারবাড়ি বাজার এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।