গাজীপুরে এক বছরে আড়াই কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
গাজীপুরের জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল মঙ্গলবার প্রায় ১২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে। এ নিয়ে গত এক বছরে প্রায় আড়াই কোটি টাকার মাদক নষ্ট করে ফেলা হলো। বিভিন্ন সময় অভিযান চালিয়ে এই মাদকদব্য উদ্ধার করা হয়।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ি মাঠে গতকাল সকাল ১০টার দিকে এক মাসে জেলার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা প্রায় ১২ লাখ টাকা মূল্যের এসব মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ও রোলার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহমেদ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক বিপ্লব কুমার উপস্থিত ছিলেন। নষ্ট করে ফেলা মাদকের মধ্যে রয়েছে: ৬৯৮ বোতল ফেনসিডিল, পাঁচ হাজার ৬৩৪ বোতল আফিমমিশ্রিত নিষিদ্ধ এনার্জি ড্রিংকস, চার কেজি গাঁজা, ২১ পিস ইয়াবা বড়ি ও ৪৯ লিটার মদ।সূত্র আরও জানায়, গত এক বছরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুলিশ ও র্যাবের সহযোগিতায় বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চালায়। অভিযানে উদ্ধার হয় ১৬৫ গ্রাম হেরোইন, ৩৪৩ কেজি গাঁজা, আট হাজার ১৩১ লিটার চোলাই মদ, এক লাখ সাত হাজার ৪০০ লিটার ওয়াশ (মদ তৈরির উপকরণ), দুই হাজার ১৭৫ বোতল ফেনসিডিল, তিন লিটার তরল ফেনসিডিল, তিন হাজার ৯২৯ পিস ইয়াবা, ৭১ বোতল বিদেশি মদ, ৬৬১ ক্যান বিয়ার, দুই হাজার ৫২ পিস নেশাজাতীয় ইনজেকশন, ৪৪ লিটার রেকটিফাইড স্পিরিট, ১০ কেজি নিশাদল, ১২ মণ বোড় ও নিষিদ্ধ এনার্জি ড্রিংকস ১৪ হাজার বোতল। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় এ পর্যন্ত ২৩৭টি মামলা হয়েছে। এসব মামলায় ৩৫৮ জন আসামির মধ্যে ৩০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত ১৫০টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২১৫ জন আসামিকে ছয় মাস থেকে সর্বোচ্চ দুই বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।