গাজীপুরে এক ব্যক্তি খুন, স্ত্রী গ্রেপ্তার
গাজীপুর সদরের ভোগড়া এলাকায় গত বুধবার রাতে নজরুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। খুনের অভিযোগে নিহত ব্যক্তির স্ত্রী চাঁদ সুলতানাকে (৩৫) বৃহস্পতিবার আটক করেছে পুলিশ।এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার রাতে নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী সুলতানার মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে সুলতানা বঁটি দিয়ে স্বামীকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই নজরুল ইসলাম মারা যান।নজরুলের বাড়ি মাগুরার শ্রীপুর থানার খামারপাড়া গ্রামে। তাঁর বাবার নাম ওয়াদুদ মিয়া। তিনি গাজীপুরের ভোগড়া এলাকায় জনৈক হালিমের বাড়িতে ভাড়া থেকে একটি গার্মেন্টসে চাকরি করতেন।গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠায়। সুলতানাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, সুলতানা জানিয়েছেন তাঁর স্বামী পরকীয়া করতেন এবং এ নিয়ে কথা বললে তাঁর ওপর শারীরিক নির্যাতন করা হতো। এ কারণে তিনি রাগের বশে স্বামীকে খুন করেছেন।ওসি আরও জানান, স্বামীকে খুন করার পর সুলতানা কিছুটা অপ্রকৃতিস্থ হয়ে পড়েছেন। নিহত নজরুলের স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। তাঁরা এলে মামলা হবে।