গাজীপুরে এক যুবক ও নবজাতকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার লতাপাতা এলাকা থেকে এক নবজাতক ও সনমানিয়া বাজারের পশ্চিমে মাদুলী বিল থেকে এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। কাপাসিয়া থানার পুলিশ গতকাল বুধবার সকালে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠিয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের লতাপাতা বাজারসংলগ্ন কাঁঠালবাগানে গতকাল সকালে কাপড় দিয়ে বাজারের ব্যাগে মোড়ানো এক নবজাতকের (ছেলে শিশু) লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। জন্মের পরই শিশুটিকে কেউ ওই জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। কাপাসিয়া থানার পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করেছে। উপজেলার সনমানিয়া বাজারের পশ্চিমে মাদুলী বিলে মঙ্গলবার রাতে এলাকাবাসী এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল সকালে পুলিশ একই এলাকা থেকে ছিন্ন মস্তক উদ্ধার করে। লাশটি কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের কাপাসিয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে সুমন মিয়ার (২৭) বলে জানিয়েছে পুলিশ। পূর্বশত্রুতার জের ধরে সুমনকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে বলে পুলিশের ধারণা।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।