গাজীপুরে এক সেনাসদস্যকে ডিবির মারধর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে এক সেনাসদস্যকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের গোয়েন্দা শাখার কয়েকজনের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলার বেরাইদের চালা এলাকায় এ ঘটনা ঘটে।
ওই সেনাসদস্যের নাম মো. আবদুর রউফ। তিনি রাজশাহী ক্যান্টনমেন্টে কর্মরত।
আবদুর রউফ গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গতকাল দুপুরে আমি বাড়িতে ছেলেকে গোসল করাচ্ছিলাম। এ সময় তিনজন লোক কিছু না বলেই গোসলখানার দরজা খুলে ভেতরে ঢোকেন। তাঁরা আমাকে জিজ্ঞাসা করেন আমি স্বাধীন কি না। আমি “না” বললে তাঁরা বাইরে চলে যান। পরে গোসলখানা থেকে বেরিয়ে আমি তাঁদের পরিচয় জানতে চাইলে তাঁরা নিজেদের গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের সদস্য বলে জানান। এরপর আমি তাঁদের বলি, কাউকে জিজ্ঞাসা না করে এভাবে গোসলখানায় ঢোকা ঠিক হয়েছে কি না। পরে ডিবির এএসআই আলমগীর হোসেনসহ তিনজন আমাকে মারধর করেন।’ আবদুর রউফ আরও বলেন, এক মাসের ছুটিতে ৪ অক্টোবর তিনি বাড়িতে এসেছেন। ঘটনাটি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
গাজীপুর গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন বলেন, ‘শ্রীপুরের ওই এলাকায় সেনাসদস্য মো. আবদুর রউফের বাসার পাশে এক আসামিকে ধরতে যাই। এ সময় বাসা থেকে বেরিয়ে ওই সেনাসদস্য আমাদের গালাগাল করেন। মারধরের কোনো ঘটনা ঘটেনি।’