গাজীপুরে ইকবাল হোসেন ভূঁইয়া হত্যা মামলায় একই পরিবারের তিন সদস্যকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জাকির হোসেন এই রায় দেন। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার বড়কয়ের গ্রামের জয়নব বেগম (৫৫) এবং তাঁর দুই ছেলে কাজল (৩৫) ও বাদল (৩৩)। অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি আতাব উদ্দিন, সোহরাব হোসেন ও দেলোয়ার ওরফে রুবেল বেকসুর খালাস দেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিরা।আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বড়কয়ের গ্রামের ইকবাল ২০০৩ সালের ২ এপ্রিল সকাল সাতটার দিকে তাঁর ছেলেকে নিয়ে বড়কয়ের স্কুল মাঠের দক্ষিণ পাশে যান। পূর্বশত্রুতার জের ধরে তখন ইকবালকে ঘিরে ফেলে প্রতিপক্ষরা। একপর্যায়ে আসামি কাজল কিরিচ দিয়ে ইকবালের বুকের বাঁ পাশে আঘাত করেন। অপর আসামিরা ইকবালকে এলোপাতাড়ি মারধর করেন। আশপাশের লোকজন ইকবালকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ওই দিন বিকেলে নিহত ইকবালের ছোট ভাই মো. মহসিন ভূঁইয়া ছয়জনকে আসামি করে জয়দেবপুর থানায় হত্যা মামলা করেন। ২০০৪ সালের ১৫ সেপ্টেম্বর মামলার অভিযোগপত্র দাখিল করেন গাজীপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. হাসমত আলী।গাজীপুরের আদালত পরিদর্শক আমির হোসেন প্রথম আলোকে বলেন, ইকবাল হত্যা মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে কাজল, বাদল ও জয়নব বেগমের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত-ভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ৩০২/৩৪ ধারা মোতাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জাকির হোসেন তাঁদের মৃত্যুদণ্ডাদেশ দেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর তিন আসামিকে খালাস দেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি মো. মাহবুবুল আলম-১।আসামিপক্ষের আইনজীবী ওয়াজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা ভেবেছিলাম, মামলার সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত একজনকে মৃত্যুদণ্ডাদেশ দেবেন। এ ব্যাপারে আমরা উচ্চ আদালতে আপিল করব।’