গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকার একটি তৈরি পোশাক কারখানায় অর্থ ও কাঁচামালের অভাবে গতকাল শুক্রবার ১০৬ শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। কারখানা ও শ্রমিক সূত্রে জানা গেছে, কোনাবাড়ী এলাকার ড্যান্ডি ডায়িং লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় অর্থ ও কাঁচামালের অভাবে এসব শ্রমিক-কর্মচারীকে গতকাল ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়। নোটিশ অনুযায়ী আজ শনিবার থেকে তাঁদের ছাঁটাই আদেশ কার্যকর হবে। তবে নিয়মানুযায়ী শ্রমিকদের সব পাওনাদি কারখানার প্রধান কার্যালয়ের হিসাব বিভাগ থেকে ৩ থেকে ১৮ অক্টোবরের মধ্যে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। কিন্তু শ্রমিকেরা তাঁদের পাওনাদি কোনাবাড়ী এলাকার কারখানা থেকেই পরিশোধের দাবি জানিয়েছেন। কয়েকজন শ্রমিক বলেন, এর আগেও এই কারখানা থেকে একইভাবে শ্রমিক ছাঁটাই করা হয়েছে। তাঁদেরও পাওনাদি প্রধান কার্যালয় থেকে পরিশোধ করা হয়েছে। কিন্তু শোনা গেছে, তাঁদের কিছু টাকা পরিশোধ করেই বিলে স্বাক্ষর নেওয়া হয়েছে।