গাজীপুরে একটি সেতুর জন্য ২০ গ্রামের মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নির্বাচন এলেই রেল সেতুর দুই পাশের দুটি আসনের প্রার্থীরা কথা দিয়ে যায় পাস করলেই সবার আগে এই সেতুটি করে দেব। কিন্তু পাস করার পর সেতুর জন্য কাউকে কিছু করতে দেখি না। আমাদের চলাচলের কষ্টও কেউ বোঝে না। তারা শুধু আমাদের বোকা বানিয়ে ভোট নিয়ে পাস করে যায়। গত ২০-৩০ বছর ধরে একইভাবে চলে আসছে।’ক্ষোভের সঙ্গে কথাগুলো বলেন গাজীপুরের পূবাইল ইউনিয়নের হায়দরাবাদের সুকন্দিবাগ বাজার এলাকার বৃদ্ধ হাজি মোজাম্মেল হক। গাজীপুর সদর উপজেলার রাজবাড়ী এলাকা থেকে হায়দরাবাদের সুকন্দিবাগ বাজার হয়ে টঙ্গী স্টেশন রোড এলাকায় যাওয়ার সড়কের মধ্যে সুকন্দিবাগ এলাকায় একটি সেতুর জন্য সরাসরি যোগাযোগ ব্যাহত হচ্ছে। যার কারণে আশপাশের প্রায় ২০টি গ্রামের শত শত মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওই স্থানে থাকা দীর্ঘ দিনের পরিত্যক্ত রেলওয়ের পুরোনো একটি সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, হায়দরাবাদের সুকন্দিবাগ বাজারের পাশে একটি বড় খাল, খালের ওপরে অনেক পুরোনো একটি রেল লাইনের সেতু রয়েছে। সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় রেল কর্তৃপক্ষ তার পাশ দিয়েই নতুন আরেকটি রেল সেতু তৈরি করেছে। তারপর থেকেই এলাকাবাসী ওই পুরোনো রেল সেতুটির ওপরে কাঠ দিয়ে চলাচলের ব্যবস্থা করেছে। কিন্তু দেখা গেছে, ওই কাঠের ওপর দিয়েই রিকশা, বাইসাইকেল, মোটারসাইল ঝুঁকি নিয়ে চলাচল করছে।এলাকাবাসী জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন বৃদ্ধি হওয়ায় প্রতিদিনই দীর্ঘ যানজট লেগে থাকে। এর মধ্যে গাজীপুরের ভেতর বিকল্প রাস্তা দিয়ে যদি টঙ্গী-গাজীপুর যাতায়াত করা যায় তবে মহাসড়কের চাপ অনেক কমে যাবে। এ ছাড়া ওই সেতুটিকে কেন্দ্র করে টঙ্গী পৌরসভার বনমালা, দত্তপাড়া, দক্ষিণখান, খোদাবর, গিরাইতলি, রথখোলা, মেঘডুবি, আক্কাছ মার্কেট, মীরের বাজার, খাইলকৈরসহ প্রায় ২০টি গ্রামের শত শত মানুষ প্রতিদিন ওই সড়ক দিয়ে চলাচল করে। ব্রিজের জন্য সরাসরি যেতে না পেরে সেতুর এক পাশ থেকে অন্য পাশে হেঁটে গিয়ে রিকশা বা সিএনজিতে চলাচল করতে হয়। ঝুঁকি নিয়ে চলতে গিয়ে এ পর্যন্ত ওই সেতুর ওপরে ছোট-বড় বহু দুর্ঘটনা ঘটেছে। পা পিছলে পড়ে গিয়ে পা ভেঙেছে অনেকের। সুকন্দিবাগ গ্রামের ফার্মেসি ব্যবসায়ী আবদুর রহিম ও ইলেকট্রিক মিস্ত্রি সাইফুল ইসলাম জানান, ‘ঝুঁকিপূর্ণ সেতুর এক পাশে গাজীপুর-৩ আসন। ওই আসনের সাংসদ হলেন মেহের আফরোজ চুমকি, আর অন্য পাশে রয়েছে গাজীপুর-২ আসন। ওই আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল। দুজন একাধিকবার এলাকাবাসীর কাছে কথা দিয়েছেন সেতুটি দ্রুত করে দেবেন। কিন্তু দেখতে দেখেতে প্রায় আড়াই বছর পার হয়ে গেল, কিন্তু সেতু আর হলো না। কবে আমরা সেতু পাব তাও নিশ্চিত না।’টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মোরশেদ খান জানান, ওই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন আশপাশের প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। এ ছাড়া সেতুর জন্য দীর্ঘপথ হেঁটে কলেজে যেতে হয়।পূবাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. সুলতান মিয়া জানান, ‘খবর পেয়েছি একাধিক বার সেতুর জন্য দরপত্র আহ্বান করা হয়, কাজ হওয়ার কথাও শুনেছি কিন্তু শেষ পর্যন্ত অজ্ঞাত কারণে কাজ বন্ধ হয়ে যায়।’গাজীপুর এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আক্তার হোসেন জানান, হায়দরাবাদের সুকন্দিবাগ এলাকার সেতু নির্মাণের জন্য সম্প্রতি দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। ওই স্থানে ৭৫ মিটার আরসিসি গার্ডার সেতু তৈরি করা হবে। সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে তিন কোটি ১২ লাখ ৯৫ হাজার টাকা। কাজটি পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান খন্দকার কনসট্রাকশনের মালিক দেলোয়ার হোসেন। চুক্তি অনুযায়ী ২০১২ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে হবে।গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল বলেন, সেতুর জন্য এলাকার মানুষের অনেক কষ্ট করতে হচ্ছে। কিন্তু এবার অবশ্যই সেতুর কাজ যাতে বন্ধ না হয়ে যায় তা দেখা হচ্ছে।