গাজীপুরে এসএসসি পরীক্ষার্থী খুন
ব্যাডমিন্টন খেলায় হারজিত নিয়ে প্রতিপক্ষের হামলায় গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুরে একজন এসএসসি পরীক্ষার্থী খুন ও আরেকজন শিক্ষার্থী আহত হয়েছে। নিহত সাকিব হাসান (১৬) স্থানীয় হাড়িনাল হাইস্কুল থেকে আগামী ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষার্থী ছিল। সে গাজীপুর জেলা আওয়ামী লীগের নেতা কাজী আলীম উদ্দিনের ভাতিজা। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার উত্তর ছায়াবীথি এলাকায় সানশাইন কিন্ডারগার্টেন স্কুলের মাঠে কাজী সিরাজ উদ্দিন ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা চলছিল। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে খেলায় হেরে যাওয়া নিয়ে প্রতিপক্ষের সমর্থকদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এ সময় হেরে যাওয়া পক্ষের হিমেল, রানা, আহমেদ, নাহিদসহ তাঁর সঙ্গীরা এসে সাকিব হাসান ও গাজীপুর বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের প্রথম বর্ষের ছাত্র শরীফের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে সাকিব হাসানের মাথায় ও পায়ে এবং শরীফ পায়ে গুরুতর জখম হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠায়। কিন্তু অবস্থার অবনতি দেখে হাসপাতালের চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জয়দেবপুর থানার এসআই মো. রেজাউল করিম জানান, খেলা নিয়ে ওই হামলা ও খুনের ঘটনা ঘটে।