গাজীপুরে এসএসসির গণিতের প্রশ্নপত্র আগের রাতে জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর শহরের জয়দেবপুর বাজার থেকে গত রোববার রাতে পুলিশ এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নপত্রের ফটোকপি জব্দ করেছে। ওই রাতেই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পর গতকাল সোমবার আরেকটি প্রশ্নপত্রে পরীক্ষা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে নয়টার দিকে জয়দেবপুর বাজারে হামিদা টেলিকম নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এক কিশোর গণিত বিষয়ের ‘ক’ সেটের প্রশ্নপত্র ফটোকপি করতে যায়। সেখানে উপস্থিত সোহেল রানা নামের এক যুবক কৌতূহলী হয়ে প্রশ্নপত্রটি দেখতে চায়। এতে আপত্তি করে ওই কিশোর। একপর্যায়ে সোহেল রানা প্রশ্নপত্রটি ছিনিয়ে নিলে ওই কিশোর দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ প্রশ্নপত্রের ফটোকপিটি জব্দ করে। এ ব্যাপারে থানায় জিডি হয়েছে।গাজীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদার জানান, রোববার রাতেই তিনি এ ব্যাপারে বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে প্রশ্নপত্রের ফটোকপিটি ফ্যাক্স করেন। গতকাল গণিত বিষয়ের প্রশ্নপত্রের ‘খ’ সেটে পরীক্ষা হয়। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে বলে জেলা প্রশাসক জানান।