গাজীপুরে এসপির কার্যালয়ের কাছে ব্যবসায়ীকে গুলি
গাজীপুরে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের কাছে গতকাল শনিবার রাতে দুর্বৃত্তরা মো. সাগর আহাম্মেদ নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে। বুকে গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাগর জেলা শহরের ছায়াবীথি এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাতে এসপির কার্যালয়ের সামনে রাস্তার উত্তর পাশে একটি চায়নিজ রেস্তোরাঁয় বসে চা পান করছিলেন সাগর। রাত নয়টার দিকে মুখোশ পরা তিন-চারজন দুর্বৃত্ত ওই খাবারের দোকানে ঢুকে সাগরকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে পালিয়ে যায়। সাগরের বুকের বাঁ পাশে গুলি লাগে। পরে আশপাশের লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক তপন কুমার রায় বলেন, সাগরের অবস্থা সংকটাপন্ন।