গাজীপুরে এসি চাপা পড়ে শ্রমিক নিহত
গাজীপুর নগরের চান্দনা এলাকার সফি প্রসেসিং লিমিটেডের ইলেকট্রিশিয়ান গতকাল বৃহস্পতিবার শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) চাপায় নিহত হয়েছেন। তাঁর নাম জাহিদ হাসান ওরফে জহিরুল ইসলাম (৩০)।
জহিরুল পঞ্চগড়ের তেঁতুলিয়ার মৃত আবদুল লতিফের ছেলে। তিনি ওই কারখানায় ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন।
কারখানার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সৈয়দ শরীফুল আলম জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কারখানার নিচতলায় দেয়ালের পাশে এয়ার কন্ডিশন যন্ত্রের মেরামত করছিলেন জহিরুল। একপর্যায়ে দেয়াল থেকে তিনি প্রথমে মাটিতে পড়ে যান। এ সময় যন্ত্রটিও তাঁর শরীরের ওপর পড়ে যায়।
কারখানার চিকিৎসা কর্মকর্তা মো. তায়েফুজ্জামান জানান, জহিরুল বুকে প্রচণ্ড চাপ ও মাথায় গুরুতর ব্যথা পান। এ ঘটনার পর গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সৈয়দ শরীফুল আলম জানান, ঘটনার পর কারখানাটি গতকালের জন্য ছুটি ঘোষণা করা হয়। ময়নাতদন্তের পর তাঁর লাশ বাড়িতে পৌঁছে দেওয়া এবং নিয়মানুযায়ী পাওনা পরিশোধ করা হবে।