গাজীপুরে ঐতিহ্যবাহী চড়কপূজা অনুষ্ঠিত
কয়েক মিটার দৈর্ঘ্যের একটি বাঁশের দুই মাথায় শক্ত দড়ি ঝোলানো। দড়ির এক প্রান্ত ধরে রেখেছে কয়েকজন লোক অন্য প্রান্তে পিঠে বড় বড় বড়শি গাঁথা অবস্থায় একজন ঝুলন্ত মানুষ। বাঁশের এক প্রান্তের লোকগুলো দড়ি টানলে পিঠের চামড়ার সঙ্গে বড়শি গাঁথা মানুষটি চক্রাকারে শূন্যে ঘুরতে থাকে। দেখতে ভিড় জমায় কয়েক হাজার মানুষ।গাজীপুর সদর উপজেলার গজারিয়া পাড়ায় চড়কপূজার প্রধান আকর্ষণ ব্যতিক্রমী এ দৃশ্য দেখতে ভিড় জমায় আশপাশের গ্রামের কয়েক হাজার মানুষ।গতকাল শুক্রবার কোচ আদিবাসী সমপ্রদায়ের ঐতিহ্যবাহী বাৎসরিক চড়কপূজা ও চৈত্র মেলার উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, নাট্যব্যক্তিত্ব মামুন-অর-রশীদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি সংঘর্ষ বিভাগের অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ, ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল, এটিএন নিউজের বার্তাপ্রধান মুন্নি সাহা, গবেষক আনোয়ার কবির প্রমুখ। গজারিয়া পাড়ার চড়কপূজার প্রধান পুরোহিত নিখিল সন্ন্যাসী জানান, মহাদেব শিবঠাকুরের সন্তুষ্টিলাভ ও মনোবাসনা পূরণের আশায় প্রতিবছর চড়কপূজার আয়োজন করা হয়।