গাজীপুরে ওয়াজ মাহফিলে হামলা, আহত ১০
গাজীপুর সদর উপজেলার হরিণাচালা এলাকায় গত শুক্রবার রাতে একটি ওয়াজ মাহফিলে হামলার পর তা পণ্ড হয়ে গেছে। ওয়াজ মাহফিল আয়োজক কমিটিতে না রাখায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের স্থানীয় কর্মীরা ওই হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।হামলায় মাহফিলের প্রধান বক্তাসহ অন্তত ১০ জন ধর্মপ্রাণ ব্যক্তি আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর ভাষ্যমতে, কোনাবাড়ী ইউনিয়নের হরিণাচালা এলাকার জামাল উদ্দিন গত শুক্রবার রাতে বাড়ির পাশে পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করেন। মাহবুবুর রহমানের সভাপতিত্বে ওয়াজ করছিলেন প্রধান বক্তা মাওলানা শের-এ গাজী আকবর আলী রেজভী। এ সময় ওই এলাকার জামায়াত-শিবিরের কর্মী আমিনুল ইসলাম, আবদুল হালিম ও সফিকুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে ওয়াজ মাহফিলে হামলা চালান। তাঁদের হামলায় প্রধান বক্তা শের-এ গাজী আকবর আলী, খাদেম মোস্তফা, খাদেম নজরুল ইসলাম, খাদেম নাছির উদ্দিন, দেলোয়ার হোসেন, মাওলানা আবদুল খালেক, মহিউদ্দিন, আবদুর রাজ্জাক ও জামাল উদ্দিন আহত হন। আহত ব্যক্তিদের কোনাবাড়ী এলাকার বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।মাহফিলের আয়োজক জামাল উদ্দিন বলেন, ওয়াজ মাহফিল করার আগে জামায়াত-শিবিরের কর্মী শফিকুল ওয়াজ আয়োজক কমিটিতে তাঁদের রাখতে বলেছিলেন। কিন্তু তাঁদের কাউকে কমিটিতে না রাখায় তাঁরা ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানে হামলা চালিয়ে পণ্ড করে দেন। এ ব্যাপারে স্থানীয় জামায়াতে ইসলামীর কারও বক্তব্য পাওয়া যায়নি।হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, ‘এ ব্যাপারে কোনো পক্ষের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’