গাজীপুরে ওয়ালটন কারখানায় এডিবি প্রতিনিধিদল
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ওয়ালটন কারখানার উৎপাদন-প্রক্রিয়া ও কর্মপরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করলেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সদস্যরা। গতকাল শুক্রবার দুপুরে ওই প্রতিনিধিদলের সদস্যরা কারখানাটি পরিদর্শন করেন।
প্রতিনিধিদলের নেতা এডিবির প্রধান অর্থনীতিবিদ শাং জিন ওয়ে জানান, ওয়ালটন কারখানা দেখে তিনি উচ্ছ্বসিত। স্বল্প সময়ের মধ্যে ওয়ালটন বিভিন্ন ধরনের প্রযুক্তিপণ্য নিজেরাই তৈরি করতে সক্ষম হয়েছে। দেশের বাজারে তারা অতি দ্রুত সময়ের মধ্যে সফলতা অর্জন করেছে। ভবিষ্যতে ওয়ালটন স্যামসাংকেও ছাড়িয়ে যেতে পারে।
শাং জিন ওয়ে এডিবির আট সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের সদস্যরা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজে পৌঁছালে তাঁদের স্বাগত জানান ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম, ফিন্যান্স বিভাগের নির্বাহী পরিচালক আবুল বাশার হাওলাদার প্রমুখ।