গাজীপুরে কবরস্থান থেকে কয়েকটি কঙ্কাল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর পৌর এলাকার একটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। এ খবরে গতকাল মঙ্গলবার আশপাশ এলাকার শত শত লোক ওই কবরস্থানে ভিড় জমায়। সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্যের।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম ধীরাশ্রমের গজারিচালা কবরস্থানে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে একজনকে কবর দিতে গিয়ে লোকজন ২২টি কবর খোঁড়া দেখতে পায়। কবরস্থান কর্তৃপক্ষ পাঁচটি কবর থেকে কঙ্কালের কোনো অস্তিত্ব পায়নি। বিষয়টি থানার পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরোনো দুটি কবরে ছোট আকারের গর্ত এবং অন্য কয়েকটি কবরের কিছু কিছু স্থানে অল্প পরিমাণে নতুন মাটি ভরাটের চিহ্ন রয়েছে।পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কমিশনার জাকির হোসেন ও কবরস্থান পরিচালনা কমিটির সদস্য ওমর আলী জানান, কবরস্থানের চারদিকে সীমানাপ্রাচীর ও গেট তালাবদ্ধ থাকার পরও কীভাবে কবর খুঁড়ে কঙ্কাল চুরি হয়েছে, তা তাঁরা বুঝতে পারছেন না। এগুলোর মধ্যে পাঁচটিতে কোনো কঙ্কাল পাওয়া যায়নি। তাঁরা ধারণা করছেন, অন্য কবর থেকেও কঙ্কাল চুরি হয়েছে। জেলা সিভিল সার্জন সৈয়দ হাবিব উল্লাহ বলেন, ‘কঙ্কাল চুরির ঘটনা খুবই দুঃখজনক। এগুলো কোনো মেডিকেল কলেজ হাসপাতালে বিক্রি করা হয়ে থাকতে পারে। এ ছাড়া এসব অন্য কী কাজে আসে, সেটা আমার জানা নেই।’