গাজীপুরে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন গতকাল শুক্রবার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার ছোট দেওড়া এলাকায় বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-জামালপুর ট্রেন রুটে দ্রুতযান এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র ট্রেনটির চলাচল বিঘ্নিত হয়। এতে ওই ট্রেনের পাঁচ শতাধিক যাত্রী ভোগান্তিতে পড়ে। রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গাজীপুরের ধীরাশ্রম ও জয়দেবপুর রেলওয়ে জংশনের মাঝখানে ছোট দেওড়া এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ১০ বগির কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ইঞ্জিন বিকল হয়ে পড়ায় দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ও জামালপুরগামী ব্রহ্মপুত্র ট্রেনের চলাচল বিঘ্নিত হয়। রাত আটটার দিকে ধীরাশ্রম স্টেশনে অপেক্ষমাণ থাকা জামালপুরগামী ব্রহ্মপুত্র ট্রেনের ইঞ্জিন খুলে এনে কমিউটার ট্রেনটিতে সংযোজন করা হয় এবং ওই বিকল ইঞ্জিনের ট্রেনটি উদ্ধার করে ধীরাশ্রম এলাকায় নিয়ে আসা হয়। পরে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়। এতে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি আধা ঘণ্টা জয়দেবপুর রেল জংশনে বিলম্বিত হয় এবং ব্রহ্মপুত্র ট্রেনটিও প্রায় এক ঘণ্টা দেরি হয় ধীরাশ্রম স্টেশনে। অপর দিকে কমিউটার ট্রেনটি ঢাকায় নিয়ে যাওয়ার জন্য ঢাকা থেকে রিলিফ ট্রেন আনা হবে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে গতকাল রাত সোয়া আটটা পর্যন্ত রিলিফ ট্রেনটি গাজীপুরে পৌঁছায়নি। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার মো. জিয়াউদ্দিন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।