গাজীপুরে কম্বল কারখানায় আগুন
গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুরপুর এলাকায় গতকাল শুক্রবার কম্বল তৈরির একটি কারখানায় আগুন লাগে। জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় কাজলা উলেন মিলস নামের ওই কারখানার আগুন নেভায়।
কারখানার ব্যবস্থাপক মো. জামাল উদ্দিন বলেন, ভোরে হঠাৎ করে কারখানার ভেতরের একটি বাল্ব ফেটে যায় এবং আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কারখানার মেঝে থাকা তৈরি করা কম্বল ও কম্বল তৈরির কাঁচামালে আগুন ছড়িয়ে পড়ে। নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় ফায়ার স্টেশনেও খবর দেওয়া হয়। আগুনে কম্বল, মেশিনপত্র ও কাঁচামাল পুড়ে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, ভোর পৌনে পাঁচটার দিকে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।