গাজীপুরে করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার পয৴ন্ত জেলায় ৩৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় কারও মৃত্যু হয়নি। নমুনা পরীক্ষার বিপরীতে জেলায় শনাক্তের হার ২৭ দশমিক ১১ শতাংশ। গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

নতুন আক্রান্ত ৯৩ জনের মধ্যে গাজীপুর সদরে রয়েছেন সর্বোচ্চ ৫৮ জন। এ ছাড়া কালীগঞ্জ উপজেলায় ৫ জন, কালিয়াকৈরে ৯ জন, কাপাসিয়ায় ৪ জন ও শ্রীপুর উপজেলায় রয়েছেন ১৭ জন। এ পয৴ন্ত জেলায় ৮৮ হাজার ৯৫৬ জনের নমুনার বিপরীতে মোট শনাক্ত হয়েছেন ১২ হাজর ২৬৮ জন। এদিকে জেলায় এখন পয৴ন্ত ২৩০ জনের মৃত্যু হয়েছে। গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। হাসপাতালের উপপরিচালক তপন কান্তি সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

কয়েক দিন ধরে জেলায় সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। গত এক সপ্তাহে ১ হাজার ৬৫৭ জনের নমুনা পরীক্ষা করে ২৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে তিনজনের মৃত্যু হয়েছে। মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতার কারণেই সংক্রমণ বাড়ছে মনে করছে জেলার স্বাস্থ্য বিভাগ।

গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান প্রথম আলোকে বলেন, মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। বাইরের চিত্রটা দেখা গেলেও ঘরেরটা দেখা যাচ্ছে না। বাইরে থেকে বাসায় ফেরার পর পরিষ্কার-পরিচ্ছন্ন না হয়ে কোনোভাবেই পরিবারের সদস্যদের কাছে যাওয়া যাবে না। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ঘরে ও বাইরে সব জায়গায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করার কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি।