গাজীপুরে কলোনিতে আগুন ১৫০টি কক্ষ ভস্মীভূত
গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় গত রোববার রাত দুইটার দিকে একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কলোনির ১৫০টি কক্ষ পুড়ে গেছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান। আগুনে ওই কলোনির ১৫০টি কক্ষ পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল পশ্চিমপাড়া এলাকার আকরাম হোসেনের দুই ছেলে শহিদুল ইসলাম ও আনোয়ার হোসেনের টিনশেডের কলোনিতে আগুন লাগে। স্থানীয় লোকজন আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর, টঙ্গী ও ইপিজেড ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে ওই সব কক্ষে থাকা আসবাব পুড়ে গেছে।