গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। এ ছাড়া সাভারে বাসের চাপায় নিহত হয়েছে একজন ছাত্র। গতকাল রোববার পৃথক এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গাজীপুর সদরের দীঘিরচালা এলাকার জিন্নাত আলীর ছেলে সোহেল রানা (২২), খন্দকার নাজিম উদ্দিনের ছেলে কাজল হোসেন (২৫) ও পাবনা থেকে বেড়াতে আসা তাঁদের বন্ধু মোতালেব হোসেন (২৬) মোটরসাইকেলযোগে ভাওয়াল জাতীয় উদ্যানের দিকে যাচ্ছিলেন। পথে সালনায় বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে সোহেল রানা ও কাজল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর অবস্থায় মোতালেবকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তিনি মারা যান। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।এদিকে সাভার থানার এসআই আবু তাহের জানান, সাভারের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষায় থাকা মুরাদ হোসেন বাসের চাপায় নিহত হয়েছে। সে ধামরাই সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। ঘটনার পরপরই ওই কলেজের শিক্ষার্থীরা প্রায় দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের অনুরোধে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।