গাজীপুরে কারখানা ও গুদামে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার বুকরান মণিপুর এলাকায় গত মঙ্গলবার রাতে একটি কারখানায় ও গতকাল বুধবার সকালে মণিপুর বাজার এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. জিহাদ মিয়া প্রথম আলোকে বলেন, ঝুট থেকে তুলা তৈরি করার সময় যন্ত্র গরম হয়ে মঙ্গলবার রাতে গিভেন্সি গ্রুপের একটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তবে ততক্ষণে আগুনে তুলা ও কিছু যন্ত্রাংশ পুড়ে যায়।

গিভেন্সি গ্রুপের শ্রম কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে একতলা শেডে থাকা রিসাইক্লিং প্ল্যান্টে আগুন ধরে যায়। এ সময় কারখানার নিটিং অপারেটর মো. নাঈম আহত হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আগুনে সাতটি মেশিন, বিপুল পরিমাণ তুলা, কেব্‌ল ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।

এদিকে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার মণিপুর বাজার এলাকায় আগুনে একটি তুলার গুদাম ও তিনটি দোকান পুড়ে গেছে। শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভান।