গাজীপুরে কারখানা শ্রমিককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী বিসিক এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে এক কারখানার শ্রমিককে পিটিয়ে হত্যা করেছেন তাঁর সহকর্মীরা। হত্যাকাণ্ডের পর সহকর্মীরা পালিয়ে যান।নিহত শ্রমিক হলেন ময়মনসিংহের গৌরীপুর থানার মুকুরিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. আবুল (২৮)। তিনি বিসিক শিল্প এলাকার ফরচুন নিট ফেব্রিক্স কারখানার অপারেটর হিসেবে কাজ করতেন। পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, কোনাবাড়ী বিসিক শিল্পনগরের ফরচুন নিট ফেব্রিক্স লিমিটেড নামের একটি সুতা তৈরির কারখানায় রাতে হূদয়, রাজু ও আবুল নামের তিনি শ্রমিক কাজ করছিল। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় পূর্বশত্রুতার জের ধরে হূদয় ও রাজু মিলে তাঁদের সহকর্মী আবুলকে একটি লোহার হ্যান্ডেল দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যান। গতকাল শুক্রবার পুলিশ খবর পেয়ে নিহত আবুলের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সুজায়েত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আবুলের মাথা, কপাল ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পরপর আবুলের সহকর্মী হূদয় ও রাজু পলাতক রয়েছেন।কারখানার মালিক জাহাঙ্গীর আলম জানান, ওই দিন রাতে কারখানায় ওই তিন শ্রমিক ছাড়া অন্য কেউ কাজে ছিলেন না।