রাসায়নিক বর্জ্য তুরাগ নদ দূষিত করার অপরাধে গাজীপুরের কাশিমপুরের এমা সিনটেক্স লিমিটেড নামে একটি ডাইং কারখানাকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানা কর্তৃপক্ষকে অবিলম্বে বর্জ্য পরিশোধন প্লান্ট (ইটিপি) স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের, কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানিসংযোগ বিচ্ছিন্নকরণ এবং কারখানা বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে গতকাল রোববার শিল্পকারখানা কর্তৃক নদী দূষণের বিরুদ্ধে পরিচালিত অভিযানের সময় ওই কারখানাকে জরিমানা করা হয়। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে অভিযান চালানো হয়। ২০০৭ সালে চালু হওয়া এ কারখানা কর্তৃপক্ষকে ইটিপি স্থাপন এবং এনভায়রনমেন্টাল মনিটরিং সিস্টেম গড়ে তোলা ও নিজস্ব জলাধার তৈরির জন্য চার দফা নোটিশ দেওয়া হলেও কারখানা কর্তৃপক্ষ তা অমান্য করে। অভিযানকারী দলের অনুসন্ধানে দেখা যায়, ইটিপি স্থাপন না করায় এ কারখানা থেকে এ পর্যন্ত ৯৩ হাজার ৯৩৪ ঘনমিটার রাসায়নিকমিশ্রিত দূষিত তরলবর্জ্য নির্গমন হয়েছে। বিজ্ঞপ্তি।