গাজীপুরে কারখানায় বিস্ফোরণে দগ্ধ এক নারীর মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পোশাক তৈরির একটি কারখানায় বিস্ফোরণে দগ্ধ কর্মী রেহানা বেগম মারা গেছেন। আজ সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সংবাদদাতা জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে রেহানা বেগমসহ সাতজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে তাঁকে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। চিকিৎসকেরা জানান, আগুনে রেহানা বেগমের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।
আজ সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাক তৈরির একটি কারখানায় বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড ঘটে। আগুনে অন্তত সাতজন দগ্ধ হন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
অগ্নিদগ্ধ সাতজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।