গাজীপুরে রপ্তানিমুখী অসংখ্য শিল্প-কারখানা রয়েছে। এসব কারখানার বেশির ভাগই বিদ্যুৎ এবং গ্যাসের ওপর নির্ভরশীল। গ্যাসের সংকট বা চাপ কম থাকায় এসব কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে বলে একাধিক কারখানার কর্মকর্তারা অভিযোগ করেছেন। এ কারণে অনেকে সিলিন্ডার গ্যাস দিয়ে কারখানার জেনারেটর চালাচ্ছেন।খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার কোনাবাড়ী থেকে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর পর্যন্ত শত শত কারখানা রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে জুট মিল, অসংখ্য স্পিনিং, ওষুধ, জুতা, কোমল পানীয় ও পোশাক তৈরির কারখানাসহ আরও বহু কারখানা। এসব কারখানার বেশির ভাগই বিদ্যুৎ এবং গ্যাসের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। সদর উপজেলার কোনাবাড়ী এলাকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিসিক শিল্পনগরের উৎপাদনমুখী কলকারখানাগুলো। এ ছাড়া তেলিরচালা এলাকার সেজাদ সোয়েটার অ্যান্ড স্পিনিং, পূর্বাণী গ্রুপ, হাইড্রো-অক্সাইড লিমিটেড, মৌচাক এলাকার লিবাস টেক্সটাইল লিমিটেড, মোশাইদ, এমএস গ্রুপ, সফিপুর এলাকার যমুনা গ্রুপের শামীম কম্পোজিট মিলস লিমিটেড, শামীম স্পিনিং, মালেক স্পিনিং, রহিম টেক্সটাইল, ময়জুদ্দিন স্পিনিং, এপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং, পল্লী বিদ্যুৎ এলাকার স্টার লিং, আয়মন টেক্সটাইল, ডংবাং লিমিটেড, এপেক্স ফুটওয়্যার লিমিটেড, চন্দ্রা এলাকার ওয়ালটন কারখানা, বারইপাড়া এলাকার বিডি হেচং লিমিটেডসহ কমপক্ষে দেড় শতাধিক স্পিনিং কারখানা চাহিদামতো তিতাস গ্যাসের প্রেশার না পাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে।সরেজমিনে বিভিন্ন কারখানায় ঘুরে জানা গেছে, গ্যাসের চাপ না থাকায় বিদ্যুৎ চলে গেলে কারখানার মালিকেরা নিজস্ব জেনারেটরগুলো চালাতে পারছেন না। সিএনজি স্টেশনগুলোতে প্রায়ই থাকছে না গ্যাস, থাকলেও চাপ অনেক কম। একটি কারখানার জেনারেটর চালানোর জন্য গ্যাসের চাপ বা প্রেশার থাকার কথা কমপক্ষে আট পিএসআই। সেখানে প্রায় সময়ই গ্যাসে প্রেশার থাকছে এক থেকে দুই পিএসআই। কখনো কখনো এক পিএসআইয়ের নিচে নেমে আসে। এর কারণে প্রায় আট গুণ বেশি দামে ডিজেল দিয়ে জেনারেটর চালাতে হচ্ছে। অনেকে সিলিন্ডার গ্যাস দিয়ে কারখানার জেনারেটর চালাচ্ছে। গ্যাসের সংকট মোকাবিলা করতে গাজীপুরের কালিয়াকৈর ও টাঙ্গাইলের মির্জাপুরের একাংশের শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তারা কালিয়াকৈর-মির্জাপুর ইন্ডাস্ট্রিয়াল নামের একটি ফোরাম তৈরি করেছেন। ফোরামের আহ্বায়ক উত্তরা স্পিনিং কারখানার মহাব্যবস্থাপক বিধান সরকার প্রথম আলোকে বলেন, গত ৮ সেপ্টেম্বর থেকে গ্যাসের চাপ অধিক মাত্রায় কমে যাওয়ায় শিল্প-কারখানাগুলো প্রতিদিন ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই বন্ধ থাকে। স্বাভাবিক অবস্থায় প্রতিদিন প্রায় পাঁচ লাখ ২৭ হাজার ৫৪২ ঘনমিটার গ্যাস ব্যবহার হয়। কিন্তু বর্তমানে গ্যাস পাওয়া যাচ্ছে এক লাখ ২১ হাজার ৩৩৪ ঘনমিটার। প্রয়োজনীয় গ্যাস না থাকায় এসব কারখানায় প্রতিদিন ছয় কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। এ ছাড়া এসব কারখানায় কমপক্ষে ৩০ হাজারের বেশি শ্রমিক কাজ করেন। গ্যাসস্বল্পতার কারণে শিল্প-কারখানাগুলো বন্ধ হয়ে গেলে এসব শ্রমিকের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। তারা এ ব্যাপারে গত ১৫ সেপ্টেম্বর লিখিতভাবে তিতাস কর্তৃপক্ষকে জানাল এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।এদিকে গত মঙ্গলবার বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, তীব্র গ্যাসের সংকটের কারণে পোশাকশিল্প অধ্যুষিত গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর ও কোনাবাড়ীসহ আশুলিয়া এলাকার প্রায় ৩০০ পোশাক তৈরির কারখানায় উৎপাদন বিঘ্নিত হচ্ছে। সংকট সমাধানে গত মঙ্গলবার তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বিজিএমইএ প্রতিনিধিদলের আলোচনা হয়েছে। তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ খান বলেন, টাঙ্গাইলের এলেঙ্গা-কালিয়াকৈর-কোনাবাড়ী-গাজীপুর-জয়দেবপুর-মনোহরদীতে ২০ ইঞ্চি ব্যাসবিশিষ্ট নতুন গ্যাস সংযোগ লাইন বসানোর কাজ চলছে। চলতি মাসেই এর কাজ শেষ হবে। সংযোগ লাইন স্থাপনের কাজ সম্পন্ন হলে আপাতত স্বস্তি পাওয়া যেতে পারে বলে তিনি বিজিএমইএ প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন। অ্যাপেক্স হোল্ডিংস লিমিটেড কারখানার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল মোমিন কাদরী প্রথম আলোকে বলেন, বর্তমানে গ্যাসের চাপ না থাকায় কারখানার উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। একদিকে গ্যাস নেই, অন্যদিকে ডিজেল ও ফার্নেস তেলের দাম বাড়ায় কারখানার উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। ফলে কারখানার মালিকেরা উদ্বিগ্ন। যমুনা গ্রুপের শামীম স্পিনিং কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন, গ্যাসের জন্য কারখানার উৎপাদন কমে গেলে কারখানার মালিক যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারাও বেকার হয়ে পড়বেন। তিতাস গ্যাসের গাজীপুর শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সরকারি সিদ্ধান্তে সার কারখানায় গ্যাস সরবরাহ করায় ওই সব অঞ্চলে গ্যাসের চাপ কম। তবে সার কারখানার চাহিদা শেষ হলে আবার গ্যাসের চাপ বেড়ে যাবে।