
গাজীপুরের সদর উপজেলায় একটি সোয়েটার কারখানায় গতকাল বুধবার পানি পান করে প্রায় ৪০০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। নাশকতা সৃষ্টির জন্যই কারখানার পানির ট্যাংকিতে কেউ বিষাক্ত কিছু মিশিয়েছে বলে পুলিশ ধারণা করছে। ঘটনার পর কর্তৃপক্ষ কারখানাটি এক দিনের জন্য ছুটি ঘোষণা করে। কারখানার কর্তৃপক্ষ, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভোগড়া মধ্যপাড়া এলাকায় লাবিব গ্রুপের স্টারলাইট সোয়েটার লিমিটেড নামের কারখানায় সাড়ে ছয় হাজার শ্রমিক কাজ করেন। কারখানার ছাদে থাকা ট্যাংকি থেকে পানি তুলে ছোট ছোট পাত্রে ভরে তা প্রতিটি ফ্লোরে পান করার জন্য সরবরাহ করা হয়। গতকাল সকাল আটটার দিকে শ্রমিকেরা যথারীতি কাজে যোগ দেন। অতিরিক্ত গরম পড়ায় তাঁরা ট্যাংকি থেকে সরবরাহ করা পানির পাশাপাশি শৌচাগারের ট্যাপ থেকে পানি পান করেন। সাড়ে নয়টার দিকে কারখানার অষ্টম তলায় ২০ থেকে ২৫ জন শ্রমিক বমি শুরু করেন। এ সময় কেউ কেউ সংজ্ঞাহীন হয়ে পড়েন।
বিষয়টি জানার পর কর্তৃপক্ষ কারখানার পানি পান করতে সবাইকে নিষেধ করে। সেই সঙ্গে ওই শ্রমিকদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রতি তলায় অনেক শ্রমিক বমি করতে থাকেন। তাঁদের বুকে যন্ত্রণা হচ্ছে বলেও জানান তাঁরা। এভাবে চার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে কারখানার মাইক্রোবাসে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী বাস-ট্রাক থামিয়ে অসুস্থ শ্রমিকদের হাসপাতালে পাঠানো হয়।
শ্রমিকদের জেলার সদর হাসপাতাল, তায়রুননেছা মেডিকেল কলেজ হাসপাতাল, সুলতান হাসপাতাল, টঙ্গী সরকারি হাসপাতাল ও উত্তরা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের পাশাপাশি জেলা শিল্প পুলিশ ও জয়দেবপুর থানার পুলিশ শ্রমিকদের উদ্ধারকাজে সহায়তা করে।
ঘটনায় পরপরই গতকাল কারখানা ছুটি ঘোষণা করা হয়। তবে, বাড়িতে ফিরেও অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সদর হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক সাহিদা আক্তার, নাছরিন আক্তার ও কনিকা রানী জানান, সকালে পানি পান করার ঘণ্টা খানেক পর তাঁদের হঠাৎ বমি-বমি লাগে, শরীর ঝিমঝিম করে। পরে তাঁরা মেঝেতে পড়ে যান। টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ছানোয়ার, তাসলিমা ও আসমা জানান, তাঁরা কারখানায় সকালের নাশতা খেয়ে পানি পান করেন। এর ঘণ্টা খানেক পরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থ শ্রমিকদের মধ্যে সদর হাসপাতালে ২০৫ জন, টঙ্গী সরকারি হাসপাতালে ৬৫ জন, তায়রুননেছা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৫ জন, বোর্ড বাজার সুলতান হাসপাতালে ২৫ জন, উত্তরা আধুনিক হাসপাতালে প্রায় ১০০ ও অন্যান্য হাসপাতালে ১৩ জনকে ভর্তি করা হয়।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, কারখানার ছাদের ট্যাংকিতে পানি তোলার জন্য কারখানার নিচে রিজার্ভ ট্যাংকি রয়েছে। নাশকতা সৃষ্টির জন্য ট্যাংকিতে কেউ বিষাক্ত কিছু মিশিয়ে দিতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।
জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, পুলিশ সুপার মো. আবদুল বাতেন, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি চিকিৎসক মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করে পানির নমুনা সংগ্রহ করে নিয়ে যান।
সদর হাসপাতালের চিকিৎসক তপন কান্তি সরকার বলেন, রোগীরা ঘন ঘন বমি করে নিস্তেজ হয়ে পড়েন। কারও কারও পেটের ব্যথা ও পাতলা পায়খানার লক্ষণও দেখা গেছে। তবে চিকিৎসার পর তাঁরা সুস্থ হয়ে উঠছেন।’
সিভিল সার্জন সৈয়দ হাবিব উল্লাহ বলেন, পানিদূষণের কারণেই শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঢাকা থেকে চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল গাজীপুর সদর হাসপাতালে এসেছেন।
কারখানার নির্বাহী পরিচালক মো. শফিউর রহমান বলেন, ‘শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি, তাঁরা শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।’
টঙ্গী সরকারি হাসপাতাল সূত্র দাবি করেছে, কেবল ওই হাসপাতালেই ছয়টি মিনিবাসে চার শতাধিক শ্রমিককে আনা হয়েছে। তাঁদের মধ্যে শতাধিক শ্রমিককে চিকিৎসা দেওয়া হয়। স্থান সংকুলানের অভাবে তিনটি গাড়ি ঢাকায় পাঠানো হয়। গতকাল বিকেল পর্যন্ত এখানে ৬৫ জন রোগী ভর্তি ছিলেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মামুনুর রশিদ বলেন, রোগীরা বমি করছেন এবং কয়েকজনের সামান্য খিঁচুনি রয়েছে। পানিদূষণে এমন হয়েছে। তবে সবাই আশঙ্কামুক্ত।