খাদ্যে বিষক্রিয়ায় শতাধিক শ্রমিক অসুস্থ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় কেয়া স্পিনিং কারখানার শতাধিক শ্রমিক আজ বুধবার অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খাদ্যে বিষক্রিয়ায় এটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

অসুস্থ কয়েকজন শ্রমিকের ভাষ্য, কারখানার ক্যানটিন থেকে নাশতা এনে খাওয়ার পর তাঁরা কারখানায় রাখা জার থেকে পানি পান করেন। এর পরই কয়েকজন পেটে ব্যথা অনুভব করেন, বমি করেন।

শ্রমিক সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে শ্রমিকেরা কারখানায় এসে কাজে যোগ দেন। এরপর অনেকে ক্যানটিন থেকে খাবার কিনে খান ও কারখানায় সংরক্ষিত জার থেকে পানি পান করেন। এর কিছু সময় পরই তাঁদের মধ্যে কয়েকজন বমি করেন। এ সময় মাথা ঘোরানো ছাড়াও অনেকে পেটে ব্যথা অনুভব করেন। পরে তাঁদের দ্রুত স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়। এরপর বিভিন্ন ফ্লোরে রাখা জার থেকে পানি পান করার পর আরও কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়তে থাকলে তাঁদেরও রিকশা ও অটো রিকশাসহ বিভিন্ন যানবাহনে করে কোনাবাড়ীর বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।

কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, ১০০ জনের বেশি শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় তাঁদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ আজ কারখানায় ছুটি ঘোষণা করেছে।

কোনাবাড়ী শরিফ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রায় ৮০ জন শ্রমিককে। সেখানকার চিকিৎসক শরিফ হোসেন বলেন, ‘অসুস্থ শ্রমিকদের স্যালাইন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়া থেকে এটা হয়েছে। তবে সবাই এখন আশঙ্কামুক্ত।’