গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় গতকাল সোমবার দুপুরে ‘স্টিল ভবন’ নির্মাণের কাঠামো তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুনে ককশিট, কেমিক্যাল ও মেশিনপত্রসহ প্রায় দেড় কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে।কারখানা ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটার দিকে ‘জয়েন্ট স্টার স্টিল স্ট্রাকচার লিমিটেড’ নামের কারখানার আই সেকশনে গ্র্যান্ডিং মেশিনে কাজ চলছিল। এ সময় আগুনের স্ফুলিঙ্গ স্যান্ডউইচ প্যানেল তৈরির জন্য পাশের ককশিটের স্তূপে পড়ে আগুন ধরে যায়। পরে তা পাশের কেমিক্যালের গুদামে ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে সাভারের ঢাকা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। কারখানার নির্বাহী (রক্ষণাবেক্ষণ) সোহেল তালুকদার বলেন, আগুন লেগে প্রায় দেড় কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে। ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল বলেন, গ্যাস কার্টার দিয়ে লোহা কাটার সময় ওই আগুনের সূত্রপাত হয়। আগুনে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।