গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি
গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর বিকেবাড়ি এলাকায় অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড নামের একটি কারখানায় গতকাল শনিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস বলছে, অগ্নিকাণ্ডে এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা। কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেবাড়ি এলাকার ওই কারখানায় গতকাল ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান। আগুনে কারখানার কয়েকটি যন্ত্র, বিপুল পরিমাণ কাগজের রোল, পলিথিন, প্লাস্টিক শিট ও পোশাক তৈরির সামগ্রীসহ বিভিন্ন পণ্য পুড়ে যায়।কারখানার ব্যবস্থাপক আশরাফ আলীর দাবি, অগ্নিকাণ্ডে ছয় থেকে সাত কোটি টাকার ক্ষতি হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবু জাফর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।