গাজীপুরে কারখানায় আগুন, আহত অর্ধশতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। বীকন নিটওয়্যার নামের ওই কারখানায় গতকাল সোমবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. রফিক উদ্দিন বলেন, তাঁরা কারখানায় পৌঁছানোর আগেই ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন শ্রমিকেরা নেভান। এ সময় আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হন। তাঁদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে কর্তৃপক্ষ।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি কার্টনে আগুন ধরে গিয়ে ধোঁয়ার সৃষ্টি হলে আগুনের সাইরেন বাজানো হয়। তখন শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পরে অবশ্য কারখানার শ্রমিকেরাই আগুন নেভাতে সক্ষম হন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, তাঁদের হাসপাতালে ওই কারখানার আহত ৫৫ জন শ্রমিক চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।