গাজীপুরে কারখানায় আগুনের গুজব আতঙ্কে কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানায় গতকাল বুধবার আগুন লাগার গুজব ছড়িয়ে পড়ে। এতে শ্রমিকেরা আতঙ্কে কারখানা থেকে বেরিয়ে যান। পরে আর কেউ কাজে যোগ দেননি।
কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ীর জরুন এলাকায় ডেল্টা কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ কারখানায় গতকাল বুধবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দেন। কারখানার ছয়তলা ভবনের পাঁচতলার রক্ষণাবেক্ষণ বিভাগের কিছু শ্রমিক আগুনের গুজব ছড়ান। এতে অন্য বিভাগের শ্রমিকেরা কাজ ফেলে ভয়ে কারখানা থেকে নিচে নেমে আর কাজে যোগ দেননি। একপর্যায়ে তাঁরা বাড়ি ফিরে যান।
কারখানার মানবসম্পদ কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, কারখানার রক্ষণাবেক্ষণ বিভাগের মেকানিক রফিকুল ইসলাম একই কারখানার অন্য বিভাগের এক নারী শ্রমিককে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছেন। কয়েক দিন ধরে ওই নারী শ্রমিক এ নিয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
এ ঘটনায় গত মঙ্গলবার ওই নারী শ্রমিক ও তাঁর স্বামী কারখানায় এসে কর্তৃপক্ষের কাছে নালিশ করেন। পরে ঘটনার সত্যতা পাওয়ায় কারখানা কর্তৃপক্ষ রফিকুলকে শাসন করে এবং চাকরি থেকে অব্যাহতি দেয়।
এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পরিকল্পিতভাবে গতকাল সকাল ১০টার দিকে রফিকুলের কিছু সহকর্মী তাঁকে মারধরের অভিযোগ তুলে প্রতিবাদ বিক্ষোভ করেন এবং কারখানায় আগুন লাগার গুজব তুলে কাজ ফেলে নিচে নেমে যান। এ সময় অন্য শ্রমিকেরা আতঙ্কে কারখানা এলাকা ত্যাগ করে বাড়ি চলে যান। পরে কারখানা এলাকায় পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।