গাজীপুরে কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও তিনজনের মৃত্যু
গাজীপুরের হোতাপাড়ায় সানপাওয়ার সিরামিক কারখানায় গত সোমবারের বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও তিন কর্মচারীর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার দিবাগত রাতে মোশারফ হোসেন (৩০), গতকাল মঙ্গলবার দুপুরে মোহাম্মদ আলী (৩২) ও সন্ধ্যায় আক্কাস আলীর মৃত্যু হয়। এর আগে প্রাণ হারান একই দুর্ঘটনায় আহত রফিকুল ইসলাম।জানা যায়, গত সোমবার সকালে সানপাওয়ার সিরামিক কারখানার হাইড্রলিক চাপে লোহার ছাঁচ (ডাইস) তৈরি বিভাগে গ্যাস সিলিন্ডার ও তেলের ট্যাংকি বিস্ফোরণে ছয়জন শ্রমিক-কর্মচারী গুরুতর দগ্ধ হন।ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সূত্র জানায়, চিকিৎসাধীন অন্য দুজনের অবস্থাও গুরুতর।শতভাগ তাইওয়ানি বিনিয়োগে নির্মিত সানপাওয়ার কারখানায় দুর্ঘটনার কারণ নির্ণয়ে গতকাল রাতেই বিদেশি বিশেষজ্ঞদের ঢাকায় এসে পৌঁছানোর কথা। কারখানার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এম নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, হাইড্রলিক প্রেসার বিভাগে চারটি মেশিন কাজ করছে। এগুলো তুলনামূলক নতুন। সোমবার দুর্ঘটনার সময় চারটি মেশিনই বন্ধ রেখে সার্ভিসিং করা হচ্ছিল। সেখানে চীনের ও দেশীয় লোক কাজ করছিলেন। এর মধ্যে হঠাৎ একটি মেশিনে দুর্ঘটনা ঘটে।