গাজীপুরে কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের পুবাইলে গতকাল বয়লার বিস্ফোরণের পর আগুনে পুড়ে যাওয়া কারখানা l প্রথম আলো
গাজীপুরের পুবাইলে গতকাল বয়লার বিস্ফোরণের পর আগুনে পুড়ে যাওয়া কারখানা l প্রথম আলো

গাজীপুরের পূবাইল এলাকায় গতকাল শনিবার বিকেলে একটি কারখানার বয়লার বিস্ফোরণের ঘটনায় আজ রোববার আবদুল কাদের (৬০) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ওই কারখানায় টায়ার থেকে তেল তৈরি করা হয়।
আবদুল কাদের টঙ্গীর বনমালা এলাকার ফয়জুদ্দিন ব্যাপারীর ছেলে। অপর নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন স্থানীয় বারইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিদ্দিকা জেবুন্নেসা (৪০), গাজীপুরের বসুগাঁও এলাকার আবদুল মান্নানের ছেলে ও কারখানার নিরাপত্তাকর্মী সেলিম মোল্লা (৪০) এবং মাদারীপুরের বাঘারিয়া এলাকার আবদুর রাজ্জাকের ছেলে কারখানার কর্মী কাওসার হোসেন (৪২)। অন্য দুজনের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাঁরাও ওই কারখানার শ্রমিক বলে ধারণা করা হচ্ছে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুস সালাম জানান, আবদুল কাদেরের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
নিহত আবদুল কাদেরের ছেলে মো. বাহার উদ্দিন জানান, আজ ভোররাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আবদুল কাদেরের মৃত্যু হয়। তিনি ওই কারখানার পাইকারি বিক্রেতা ছিলেন।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পূবাইলে বেশ কিছুদিন আগে স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের ওই কারখানাটি গড়ে উঠেছে। কারখানাটি করার সময় পরিবেশগত কোনো ছাড়পত্র নেওয়া হয়নি। সেখানে পুরোনো টায়ার প্রক্রিয়াজাত করে তেল তৈরি করা হতো। কারখানায় গতকাল ৩০ থেকে ৩৫ জন শ্রমিক কাজ করছিলেন। এ সময় কারখানার ফটকের পাশে থাকা বয়লার বিকট শব্দে বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে সেখানে আগুনও লেগে যায়। তখন পাশে একটি ট্যাংকলরিতেও বিস্ফোরণ ঘটে। এতে টিনশেডের ওই কারখানা চালাসহ ধসে পড়ে। আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বয়লার বিস্ফোরণ ও আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এঁদের মধ্যে স্কুলশিক্ষিকা সিদ্দিকা জেবুন্নেসা ওই সময় অটোরিকশায় করে কারখানার পার্শ্ববর্তী জয়দেবপুর-পূবাইল সড়ক দিয়ে যাচ্ছিলেন। অটোরিকশার চালক মো. স্বাধীনসহ কমপক্ষে ১০ জন আহত হন।