গাজীপুরে কিশোরকে পিটিয়ে হত্যা
গাজীপুর সদরের কাশিমপুর ইউনিয়নের এনায়েতপুর এলাকায় মোস্তফা (১৬) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা স্থানীয় একটি তৈরি পোশাক কারখানার কর্মী। তার বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আবুলপাড়া এলাকায়। তারা ওই এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া থাকত। এ ঘটনায় নিহতের মা হালিমা বেগম চারজনের নাম উল্লেখ করে জয়দেবপুর থানায় মামলা করেছেন। এজাহারে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার বিকেলে মোস্তফার কাছ থেকে মনির হোসেন নামের স্থানীয় এক যুবক একটি মুঠোফোন চেয়ে নেয়। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে মোস্তফা ওই মুঠোফোন ফেরত চাইতে মনিরের বাসায় যায়। এ সময় মনির ও তার সহযোগী আবুল, রফিক ও হাশেমসহ অজ্ঞাত পরিচয়ের চার-পাঁচজন মোস্তফাকে এলোপাতাড়ি মারধর করে। মোস্তফার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে ‘ডাকাত’ বলে রড, লাঠি ও লোহার পাইপ দিয়ে মোস্তফাকে পেটানো হয়। খবর পেয়ে ছেলেকে রক্ষা করতে হালিমা বেগম এগিয়ে গেলে তাঁর সামনেই মোস্তফার হাত-পা ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়। পরে স্থানীয় চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম ঘটনাস্থল থেকে সংজ্ঞাহীন অবস্থায় মোস্তফাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মোস্তফা মারা যায়।গাজীপুর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মোস্তফার লাশ তার স্বজনদের হাতে দেওয়া হয়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই সৈয়দ আজহারুল ইসলাম প্রথম আলোকে জানান, পরে প্রাথমিক তদন্তে মনে হয়ে, মোস্তফাকে ডাকাত আখ্যা দেওয়ার ঘটনাটি সাজানো ছিল। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।