গাজীপুরে কুকুরের কামড়ে আহত ১৫
গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার কুকুরের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, পৌর এলাকার মুনসুরপুর, খঞ্জনা ও বালীগাঁও গ্রামে কুকুরের কামড়ে ওই ১৫ জন আহত হন। আহত ব্যক্তিরা হলেন মুনসুরপুর গ্রামের প্রাচুর্য (৪), মিজানুর রহমান (১০), দীপক (৩৪), খঞ্জনা গ্রামের মোবারক হোসেন (৬), আবিদ হাসান (৭) ও বালীগাঁও গ্রামের সাজীদ হোসেন (৮), আবুল খায়ের কোম্পানির শ্রমিক মো. হাবিবুর রহমান (৩১) ও কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আরআরএন) পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. শফিকুল আলম।
এলাকার কয়েকজন অভিযোগ করে বলেন, পৌর এলাকায় কিছুদিন ধরে কুকুরের উৎপাত থাকলেও এগুলো নিধনের ব্যাপারে পৌর কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।
এ ব্যাপারে পৌর মেয়র মো. লুৎফর রহমান বলেন, কুকুর নিধনের বিষয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মুনিরা বেগম বলেন, গতকাল সারা দিনে তাঁদের এখানে কুকুরের কামড়ে কয়েকজন চিকিৎসা নিয়েছেন।