গাজীপুরে কুপিয়ে গৃহবধূকে হত্যা, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার মধ্যখাইলপুরে শাহিদা বেগম (৩৪) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ স্বামী কামাল হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে। শুক্রবার রাত একটার দিকে কামাল হোসেন তাঁর ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটান।গতকাল শনিবার সকালে জয়দেবপুর থানাহাজতে আটক কামাল হোসেন সাংবাদিকদের জানান, আনুমানিক ১৬ বছর আগে ঢাকার নবাবগঞ্জের আবদুর রশিদের মেয়ে শাহিদা বেগমকে তিনি বিয়ে করেন। লাকী আক্তার (১১) ও কাওসার (৯) নামে তাঁদের দুটি সন্তান রয়েছে। মধ্যখাইলপুরের একাধিক লোকের সঙ্গে তাঁর স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল। শুক্রবার রাতে এসব নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এসময় একপর্যায়ে রান্নাঘর থেকে বঁটি এনে তিনি উপর্যুপরি কুপিয়ে স্ত্রীকে হত্যা করেন।একাধিক এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শাহিদা বেগমের পরকীয়া নিয়ে একাধিকবার সালিশ হয়। জয়দেবপুর থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ রাতেই নিজ ঘর থেকে বঁটিসহ কামালকে গ্রেপ্তার করে। তিনি অকপটে খুনের দায়িত্ব স্বীকার করেন। গতকাল শনিবার শাহিদার বড় ভাই আবদুল গফুর বাদী হয়ে জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।অভিযুক্ত কামাল হোসেনের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদে। তাঁর পিতার নাম ধনু মোড়ল। তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।যুবকের লাশ উদ্ধার: গাজীপুর সদরের রাজেন্দ্রপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের শালবন থেকে স্থানীয় পুলিশ গতকাল শনিবার মাথায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার করেছে। ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। যুবকের পরনে সাদা লুঙ্গি ও গায়ে ফুলহাতা চেক শার্ট ছিল।জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক সৈয়দ আজহারুল ইসলাম জানান, গতকাল সকালে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বন থেকে লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার রাতের কোনো একসময় খুনিরা যুবককে গুলি করে হত্যা করে লাশ ওই জায়গায় ফেলে রেখে গেছে। ঘটনাস্থল থেকে গুলির ১টি খোসা জব্দ করা হয়েছে।এ ব্যাপারে উপপরিদর্শক সৈয়দ আজহারুল ইসলাম বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।