গাজীপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউটে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিতে উন্নত জাত উদ্ভাবন, প্রযুক্তির আধুনিকায়ন, জলবায়ু ব্যবস্থাপনা, সেচ ও পানি ব্যবস্থাপনা বিষয়ে গবেষণার অগ্রগতি ও কর্মপরিকল্পনা নিয়ে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ‘অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০১২’ অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে কৃষি মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কৃষি গবেষণা ইনস্টিটিউটের বদরুদ্দোজা মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান, সাংসদ আবদুল মান্নান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ওয়ায়েস কবীর। কর্মশালার শুরুতে কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক রফিকুল ইসলাম মণ্ডল বিগত বছরে কৃষি গবেষণার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফল, শস্য, সবজি, জৈব প্রযুক্তি, উদ্ভিদ রোগতত্ত্ব, মসলা গবেষণা, উদ্ভিদের উন্নত প্রজনন, সেচ ও পানি ব্যবস্থাপনা, উন্নত কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন বিষয়ে অগ্রগতি ও সাফল্য বিষয়ে আলোচনা উপস্থাপন করেন। কর্মশালায় কৃষি গবেষণা ইনস্টিটিউটের সংশ্লিষ্ট বিভাগের তিন শতাধিক কর্মকর্তা ও বিজ্ঞানী অংশ নেন। গত বছরের কৃষিবিষয়ক গবেষণার অগ্রগতি ও সাফল্য বিষয়ে পর্যালোচনা আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে এবং এ পর্যালোচনা শেষে আগামী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।