গাজীপুরে খাসপুকুর ভরাট করে দোকান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের মধ্য ভোগড়া এলাকার খাসপুকুর ভরাট করে দোকান নির্মাণ করা হচ্ছে। গত রোববার তোলা ছবি l প্রথম আলো
গাজীপুর সিটি করপোরেশনের মধ্য ভোগড়া এলাকার খাসপুকুর ভরাট করে দোকান নির্মাণ করা হচ্ছে। গত রোববার তোলা ছবি l প্রথম আলো

গাজীপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের মধ্য ভোগরা এলাকার একটি সরকারি পুকুর অবৈধভাবে ভরাট করে দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী জানান, মধ্য ভোগরা এলাকার একমাত্র সরকারি পুকুরটিতে ঈদগাহ ময়দান বানানোর জন্য কয়েক বছর ধরে এটি ভরাট করা হচ্ছিল। একপর্যায়ে পুকুরটির অর্ধেকের বেশি ভরাট করে ঈদগাহ ময়দান বানিয়ে তাতে সীমানাপ্রাচীর দিয়ে ঘিরে ফেলা হয়। পুকুরের বাকি অংশও ইতিমধ্যে ভরাট করা হয়ে গেছে। পরে ভরাট করা অংশের উত্তর ও পূর্ব পাশে আরসিসি পিলার দিয়ে ২২টি দোকানঘর নির্মাণ করা হচ্ছে। স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় এ দোকানগুলো নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন।
মধ্য ভোগরা এলাকার ব্যবসায়ী আবদুল লতিফ বলেন, একটি প্রভাবশালী মহল প্রথমে ঈদগাহ মাঠ করার জন্য সরকারি পুকুরটি ভরাট করে। পরে সেখানে আরসিসি পিলার উঠিয়ে বেশ কয়েকটি দোকান করা হয়েছে।
স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, ভোগরা মৌজায় প্রায় তিন বিঘা আয়তনের এ পুকুরটি প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই ভরাট করে তাতে অবৈধভাবে ইমারত ও দোকানপাট নির্মাণ করা হয়েছে। এতে শিল্প-কারখানা অধ্যুষিত এ অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা নেভানোর জন্য এলাকায় কোনো পানির উৎস থাকছে না। গোসল, নির্মাণকাজসহ গৃহস্থালির প্রয়োজনে পানির একমাত্র উৎসটি ধ্বংস হয়ে যাওয়ায় এলাকার মানুষ বিপাকে পড়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম বলেন, খাসপুকুর অবৈধভাবে কেউ ভরাট ও দখল করে থাকলে এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফয়সাল আহমেদ সরকার বলেন, ঈদগাহ ময়দানের জন্য পুকুরের একটি অংশ ভরাট করে ব্যবহারের জন্য এলাকাবাসী সিদ্ধান্ত নেন। তবে সেখানে মার্কেট নির্মাণের বিষয়টি সম্পর্কে তিনি জানেন না।
ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি আলাউদ্দিন চৌধুরী বলেন, পুকুর ভরাট করে ঈদগাহ ময়দান করা হয়নি। ভোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি সংস্কার করে ঈদগাহ ময়দানের জন্য ব্যবহার করা হয়।