গাজীপুরে খিচুড়ি খেয়ে শতাধিক অসুস্থ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া এলাকায় গত বৃহস্পতিবার খিচুড়ি খেয়ে শতাধিক মুসল্লি অসুস্থ হয়েছেন।এলাকাবাসীর অনেকে জানান, কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারীয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তুমলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত ইফতার মাহফিলে প্রায় এক হাজার লোক অংশগ্রহণ করেন। ইফতারে ভুনা খিচুড়ি দেওয়া হয়। ওই খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পরদিন শুক্রবার ভোর থেকে হাসপাতালে আসতে শুরু করেন অনেকে। যাঁরা খিচুড়ি খেয়েছেন, তাঁদের প্রায় সবাই পাঁচ-ছয় ঘণ্টার মধ্যে পেটের ব্যথা, বমি ও পাতলা পায়খানাসহ নানা সমস্যায় আক্রান্ত হয়ে পড়েন। তাঁদের মহাখালী কলেরা হাসপাতাল ও কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা গেছে, বৃহস্পতিবার রাতেই ১৩ জন, গত শুক্রবার ৪৯ জন, গত শনিবার ২১ জন ও গতকাল রোববার ছয়জন রোগী ভর্তি হন। তাঁদের মধ্যে আটজনকে মহাখালী কলেরা হাসপাতালে স্থানান্তর করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসারত সৌরভ বলেন, ‘গত বৃহস্পতিবার বিএনপির ইফতার পার্টিতে খিচুড়ি খাওয়ার কয়েক ঘণ্টা পর থেকেই পেটের ব্যথা, বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে পড়ি। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে সুস্থ না হয়ে আজ হাসপাতালে ভর্তি হই।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মাসুদ রানা জানান, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ৮৯ জন রোগী এই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক সাংবাদিকদের বলেন, ‘কয়েকটি ইফতার পার্টি অনুষ্ঠিত হলেও এই প্রথম খাদ্যে বিষক্রিয়ার ঘটনা ঘটেছে।’